দ্য ওয়াল ব্যুরো: দ্রুত গতিতে ছুটে আসছে একটি গাড়ি। সটান ধাক্কা মারল দুই সাইকেল আরোহীকে। এখানেই শেষ নয়। রাস্তার পাশের একটি দোকানের ভিতর হুড়মুড় করে গাড়ি নিয়ে ঢুকে পড়ে চালক। ধাক্কা মারে রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেলেও। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে হরিয়ানার যমুনানগরে। গুরুতর জখম হয়েছেন ৫ জন। দুর্ঘটনার পরেই গাড়ির চালক এবং বাকি যাত্রীরা পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে হরিয়ানা পুলিশ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই দুর্ঘটনা ভিডিও, যা দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা। বংশী লাল নামের এক প্রত্যক্ষদর্শীর কথায়, "হঠাৎ লক্ষ্য করি প্রচণ্ড গতিতে ছুটে আসছে একটা গাড়ি। কেউ কিছু বোঝার আগেই দুই সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে ওই গাড়ি। তারপর ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়ানো একটি মোটরবাইকে। গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার পাশের একটা দোকানও।" আতঙ্কে চিৎকার করতে থাকেন আশেপাশের লোকজন। যে যেদিকে পারেন ছুট লাগান। ঘটনার আকস্মিকতায় স্বভাবতই হকচকিয়ে যান সকলেই।
স্থানীয়দের কথায় ঘাতক গাড়িতে ছিল জনা চারেক লোক। তবে দুর্ঘটনার পরেই পালিয়ে যায় তারা। পুলিশকে খবর দেওয়ার আগে স্থানীয়রাই ধাওয়া করেছিলেন ওই লোকগুলোর পিছনে। তবে লাভ হয়নি। নাগাল পাওয়া যায়নি ঘাতক গাড়ির যাত্রী এবং চালকের। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গাড়িটিকে সিজ করেছে তারা। পলাতক অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। চালক এবং বাকিরা মদ্যপ ছিলেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পরীক্ষা করা হচ্ছে ওই গাড়িটিরও। কীভাবে নিয়ন্ত্রণ হারিয়েছিল গাড়ির চালক, ব্রেক ফেলের মতো কোনও ঘটনা ঘটেছে হয়েছে কিনা আর হলে সেটা কীভাবে হয়েছে সবটাই খতিয়ে দেখছে হরিয়ানা পুলিশ।
দেখুন সেই ভিডিও।
https://twitter.com/i/status/1216263609761849345