দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের পালঘরে দুই সাধু এবং তাঁদের গাড়ির চালককে পিটিয়ে মারার ঘটনায় ইতিমধ্যেই ১০০-র বেশি লোককে গ্রেফতার করেছে পুলিশ। মহারাষ্ট্র প্রশাসন জানিয়েছে, অন্যতম এক অভিযুক্ত করোনা আক্রান্ত হয়ে পড়েছে। তাকে জেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলে থাকার সময়েই গত কয়েকদিন ধরে তার মধ্যে করোনার উপসর্গ দেখা যাচ্ছিল। তাকে আলাদা করে রাখার ব্যবস্থা করা হয়। নমুনা সংগ্রহ করে পাঠানো হয় পরীক্ষার জন্য। শুক্রবার রাতে রিপোর্ট এসেছে পজিটিভ। ফলে ওই সেলে যারা ছিল তাদের মধ্যেও সংক্রমণ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।
সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, গণপিটুনির ঘটনায় অভিযুক্ত করোনা আক্রান্ত ব্যক্তি দাবি করেছে, জেল থেকেই তার শরীরে সংক্রমণ ছড়িয়েছে। অভিযোগ, একটি ছোট্ট সেলে ২০ জনকে রাখা হয়েছিল।
মহারাষ্ট্রের সিআইডি জানিয়েছে, ওই ঘটনায় শুক্রবার আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন সিনিয়র সিটিজেন এবং নাবালক রয়েছে। এখনও পর্যন্ত মোট গ্রেফতারির সংখ্যা ১১৫, যার মধ্যে ন'জন নাবালক।
চোর সন্দেহে সুশীল গিরি মহারাজ এবং কল্পবৃক্ষ গিরি মহারাজ নামের দুই সন্ত ও তাঁদের গাড়ির চালককে প্রায় ৫০০ গ্রামবাসী ঘিরে ধরে পেটাতে থাকে। শিউরে ওঠার মতো ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। ওই ঘটনা নিয়ে করোনা পরিস্থিতির মধ্যেই তোলপাড় পরে যায় মারাঠা মুলুকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে। মহারাষ্ট্রে করোনা সংক্রমণ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তার মধ্যেই পালঘর গণপিটুনিতে অভিযুক্ত পজিটিভ হওয়ায় বাড়তি উদ্বেগ মহারাষ্ট্র প্রশাসনে।