দ্য ওয়াল ব্যুরোঃ গত জুন মাস থেকে লাগাতার বৈঠকের পরেও লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যে উত্তেজনা কমেনি। এই অবস্থায় সোমবার ফের সেনার উচ্চপর্যায়ের বৈঠকে বসছে দু’দেশ। কী ভাবে সীমান্তে উত্তেজনা কমানো সম্ভব সেই বিষয়েই আলোচনা হবে এই বৈঠকে।
জানা গিয়েছে সোমবার সকাল ৯টা নাগাদ সীমান্তে চিনের দিকে মল্ডোতে হবে এই বৈঠক। উপস্থিত থাকবেন দু’দেশের কম্যান্ডাররা। এদিনের বৈঠক ভারত ও চিনের মধ্যে হতে চলা ষষ্ঠ কম্যান্ডার স্তরের বৈঠক। এরা আগের পাঁচ বৈঠকে কোনও সমাধানসূত্র বের হয়নি।
ভারতের তরফে এই বৈঠকে থাকবেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। তিনি লেহ-র ১৪ কর্পসের কম্যান্ডার। অন্যদিকে চিনের তরফে এই বৈঠকে উপস্থিত থাকার কথা দক্ষিণ শিংজিয়াং মিলিটারি রিজিয়নের কম্যান্ডার মেজর জেনারেল লিউ লিনের। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এদিনের বৈঠকে ভারত দাবি জানাবে যত তাড়াতাড়ি সম্ভব সীমান্ত লাগোয়া এলাকা থেকে সেনা সরিয়ে নেয় চিন।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ভারত ও চিনের মধ্যে কূটনৈতিক স্তরে সেনা সরানো নিয়ে যে আলোচনা হয়েছে তা কী ভাবে বাস্তবায়ন সম্ভব অর্থাৎ পূর্ব লাদাখ থেকে কীভাবে দুই দেশ সেনা সরাতে পারে সেই নিয়েই আলোচনা হতে চলেছে আজকের বৈঠকে। এই প্রথম সেনার কোনও বৈঠকে বিদেশমন্ত্রকের যুগ্মসচিব র্যাঙ্কের কোনও আধিকারিক যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। কারণ এবার একটা নিশ্চিত সমাধানে পৌঁছতে চাইছে ভারত।
গত মে মাস থেকেই লাদাখের গালওয়ান উপত্যকা, প্যাঙ্গং লেক সংলগ্ন এলাকায় বারবার উত্তেজনা ছড়িয়েছে ভারত ও চিন দু’দেশের মধ্যে। গত ১৫ জুন গালওয়ান উপত্যকায় টহলরত ভারতীয় সেনার উপর আচমকায় হামলা চালায় চিনা সেনা। এই হামলায় ২০ ভারতীয় জওয়ান শহিদ হন। পাল্টা মারে পিপলস লিবারেশন আর্মিরও অন্তত ৩৫ জওয়ান নিহত হয় বলে খবর।
গত ১০ সেপ্টেম্বর রাশিয়ার মস্কোতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র মধ্যে বৈঠকে ঠিক হয়, দু’দেশই সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করে নেবে। এই চুক্তিতে ঠিক হয়, যত তাড়াতাড়ি সম্ভব সেনা সরিয়ে নেওয়া হবে, সীমান্তে যাতে কোনও দেশ উস্কানি না দেয় সেদিকে লক্ষ্য রাখা হবে, দু’দেশের চুক্তি অনুযায়ী সীমান্তে শান্তি বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে দুই দেশ।
সম্প্রতি শীতকালেও পূর্ব লাদাখের উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে সেনা ও অস্ত্র মোতায়েন করার জন্য সব রকমের ব্যবস্থা করেছে ভারতীয় সেনা। মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও তৎপর থাকবে সেনা। কিন্তু তার আগে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর পক্ষপাতি ভারত। অবশ্য অন্যদিকে নিজেদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনা।