দ্য ওয়াল ব্যুরো: চেকিংয়ের সময় গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন এক যুবক। গাড়ি থামাতে তার বনেটে লাফ দিয়ে উঠে পড়েন এক ট্রাফিক সার্জেন্ট। কিন্তু তাতেও গাড়ি থামানো যায়নি। সার্জেন্টকে বনেটে নিয়ে প্রায় ২ কিলোমিটার চলে সেই গাড়ি। তারপরে গাড়ি থামলে সার্জেন্ট নামতেই পালিয়ে যান ওই যুবক। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। ঘটনাটি নভেম্বর মাসের হলেও এতদিনে তা বাইরে এসেছে। ঘটনাটি ঘটেছে দিল্লির নাংলোই চক এলাকায়। জানা গিয়েছে, সেখানে প্রত্যেক দিনের মতোই গাড়ির কাগজপত্র পরীক্ষা করছিলেন ট্রাফিক সার্জেন্টরা। এমন সময় উল্টোদিক থেকে একটি গাড়ি আসে। ট্রাফিক সার্জেন্টরা সেই গাড়িকে থামতে বললে ড্রাইভিং সিটে বসা যুবক প্রথমে তার গতি কমান। তারপর কাছাকাছি এসে ফের গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
জানা গিয়েছে, সেই সময় সুনীল নামের এক ট্রাফিক সার্জেন্ট লাফিয়ে সেই গাড়ির বনেটে উঠে পড়েন। কিন্তু সেই সার্জেন্টকে নিয়েই এগিয়ে চলে যুবকের গাড়ি। রাস্তার মধ্যে জোরে এঁকে বেঁকে চলতে থাকে গাড়ি। কোনওরকমে গাড়ির বনেটে নিজেকে সামলে রাখেন ওই সার্জেন্ট। ওই অবস্থাতেও বারবার গাড়ি থামাতে বলেন তিনি। অবশেষে বেশ কিছুটা যাওয়ার পর থামে গাড়ি। সার্জেন্ট বনেট থেকে নামার পরেই গাড়ি চালিয়ে পালিয়ে যান সেই যুবক। এই ঘটনায় আহত হয়েছিলেন ওই ট্রাফিক সার্জেন্ট।
এই ঘটনার ভিডিও গাড়িতে যুবকের পাশে বসে থাকা ব্যক্তি রেকর্ড করেন। সম্প্রতি তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপরেই এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এতদিন আগের ঘটনা হওয়া সত্ত্বেও কেন তা আগে রেকর্ড করা হয়নি বা তদন্ত করা হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশের অন্দরেই।
https://www.youtube.com/watch?v=5slmdYjvJ_A
ভিডিও সৌজন্যে ইউটিউব