দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের হোশিয়ারপুরে এক দলিত কিশোরীর ধর্ষণ ও খুনের ঘটনায় এবার কংগ্রেস সরকারকে নিশানা করেছে বিজেপি। যদিও এই ঘটনার পরেই প্রশাসন পদক্ষেপ নিয়েছে বলেই দাবি করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তাঁর দাবি, ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। শিগগির এই ঘটনায় চার্জশিট জমা দেবে পুলিশ, এমনটাই দাবি করেছেন তিনি।
পাঞ্জাবের এই ঘটনার পর অমরিন্দর সিংয়ের কংগ্রেস সরকারের বিরুদ্ধে সুর চড়ায় বিজেপি। শনিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর অভিযোগ করেন, গান্ধী পরিবার রাজস্থান ও পাঞ্জাবের নির্যাতনের বিষয়ে চুপ। অথচ উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনায় রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া সেখানে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন। ধর্ষণের মতো ঘটনা নিয়ে গান্ধী পরিবার রাজনীতি করছে বলেই অভিযোগ করেন তিনি।
এর বিরুদ্ধে মুখ খোলেন অমরিন্দর সিং। তিনি বলেন, “পাঞ্জাব পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। দেরি না করেই গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। খুব তাড়াতাড়ি চার্জশিটও পেশ করা হবে। হাথরাসে পুলিশ পদক্ষেপ নিতে দেরি করেছে। তাই রাহুল গান্ধীকে নির্যাতিতার পরিবারের হয়ে ন্যায় বিচারের দাবিতে সেখানে যেতে হয়েছিল। কিন্তু হোশিয়ারপুরে তাঁদের আসার প্রয়োজন হয়নি।”
তিনি আরও বলেন, “যদি পাঞ্জাব পুলিশ ও সরকার পদক্ষেপ নিতে দেরি করত তাহলে রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া ও বাকিরা একই ভাবে প্রতিবাদ করতেন, যেমনটা তাঁরা হাথরাসের সময় করেছিলেন।”
এর আগে শনিবার রাহুল গান্ধীর তরফে টুইট করে বিজেপির কটাক্ষের জবাব দেওয়া হয়েছিল। তিনি বলেন, “উত্তরপ্রদেশ সরকারের মতো দিল্লি ও পাঞ্জাবের সরকার নির্যাতিতার ধর্ষণের ঘটনা অস্বীকার করছে না। এমনকি ন্যায়ের পথে বাধা হয়ে নির্যাতিতার পরিবারকে ভয়ও দেখানো হচ্ছে না। যদি সেটা করা হত তাহলে আমি সেখানে গিয়েও ন্যায় বিচারের দাবি জানাতাম।”
শনিবার সংবাদসংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রকাশ জাভরেকর বলেন, “হোশিয়ারপুরের তান্ডা জেলায় বিহারের ছ’বছর বয়সী এক দলিত মেয়ের ধর্ষণ ও খুনের ঘটনা খুবই অবাক করেছে। রাজনৈতিক ট্যুরে না গিয়ে রাহুল গান্ধীর উচিত তান্ডা ও রাজস্থানে যাওয়া এবং মেয়েদের বিরুদ্ধে এই ধরনের অপরাধের জন্য কড়া পদক্ষেপ নেওয়া।”
তিনি আরও বলেন, “সনিয়া গান্ধী, রাহুল গান্ধী কিংবা প্রিয়ঙ্কা গান্ধী কেউ তান্ডার নির্যাতিতার বাড়ি গেলেন না। কংগ্রেস শাসিত রাজ্যে মেয়েদের বিরুদ্ধে হওয়া অপরাধের ঘটনায় তাঁরা কান দেন না, কিন্তু হাথরাস ও অন্য জায়গায় গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে ছবি তোলেন তাঁরা।”
এই ঘটনায় বিহারের প্রধান বিরোধী দল আরজেডি ও তেজস্বী যাদবকেও নিশানা করেন প্রকাশ জাভরেকর। কারণ বিহারে আরজেডির সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস। সেই কথাকে উল্লেখ করে জাভরেকর বলেন, “তেজস্বী যাদব এমন এক দলের নেতাদের সঙ্গে স্টেজ শেয়ার করছেন, যে দলের নেতারা তাদের শাসিত রাজ্যে হওয়া বিহারের এক দলিত কিশোরীর উপর নির্যাতন নিয়ে কিছু বলছেন না। এতে সাধারণ মানুষের কাছে কী বার্তা যাচ্ছে।”
বিজেপির এই কটাক্ষের পরেই মুখ খুলেছিলেন রাহুল গান্ধী। এবার জবাব দিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।