দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের ২২ জন কংগ্রেস বিধায়ক ইস্তফা দিয়েছেন। আগামীকাল সেখানে আস্থাভোটের মুখোমুখি হতে হবে কমলনাথ সরকারকে। এর মধ্যেই জানা গেল বিজেপি শাসিত গুজরাতে ভাঙন ধরল কংগ্রেসে। ইস্তফা দিলেন চার কংগ্রেস বিধায়ক।
গুজরাত বিধানসভার স্পিকার রাজেন্দ্র ত্রিবেদী সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, “চার কংগ্রেস বিধায়ক শনিবার আমায় ইস্তফা পত্র দিয়েছেন। আমি তা গ্রহণ করেছি।” কিন্তু কারা এই চারজন? স্পিকার জানিয়েছেন, “আগামীকাল, সোমবার বিধানসভা অধিবেশনে আমি এই চারজনের নাম জানাব।”
মধ্যপ্রদেশে সরকার পড়ে যাওয়ার আশঙ্কা থাকলেও গুজরাতে তা নেই। কিন্তু এই চার বিধায়কের ইস্তফার পিছনে অন্য কারণ দেখছেন রাজনৈতিক মহলের অনেকে। তাঁদের বক্তব্য, আগামী ২৬ মার্চ রাজ্যসভার ভোট। গুজরাত থেকে তিনটি আসন ফাঁকা হচ্ছে এবার। অনেকের বক্তব্য তা নিয়েই যত মারপ্যাঁচ।
বিজেপি ওই তিন আসনে প্রার্থী দিয়েছে। গেরুয়া শিবির প্রার্থী করেছে অভয় ভরদ্বাজ, রমিলা বরা এবং নরহরি আমিনকে। কিন্তু তৃতীয় আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেসও। শক্তি সিন গোহিলকে প্রার্থী করেছে সাবেকদল। অনেকের বক্তব্য তৃতীয় আসনে ‘ক্রস ভোটিং’ ঠেকাতেই বিজেপি পিছন থেকে কলকাঠি নেড়েছে। যদিও চার বিধায়কের ইস্তফাকে গুজরাত কংগ্রেসের অভ্যন্তরীণ কলহ বলে উড়িয়ে দিয়েছে বিজেপি।
ঘোড়া কেনাবেচা হতে পারে বুঝে আগেই ১৪জন বিধায়ককে জয়পুরের রিসর্টে পাঠিয়ে দিয়েছিল কংগ্রেস নেতৃত্ব। কিন্তু তাও ঠেকানো গেল না। গুজরাত বিধানসভায় মোট আসন মোট আসন ১৮২। গতবার বিধানসভা ভোটে কংগ্রেস জিতেছিল ৭৩টি আসন। চার বিধায়কের ইস্তফার পর কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল ৬৯-এ। ফলে তৃতীয় আসনে বিজেপি প্রার্থীর জয় প্রায় নিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে।