দ্য ওয়াল ব্যুরো: নাইট কার্ফু থাকা সত্ত্বেও নিয়ম মানার তোয়াক্কা করছিলেন না কেউ। মত্ত অবস্থায় পার্ক স্ট্রিটের একটি পাঁচতারা হোটেলের সামনে হুই হুল্লোড় করছিলেন কয়েকজন যুবক। দু'জনকে আটক করে পুলিশ। কিছুদিন আগেই অভিজাত পার্ক হোটেলে কোভিড বিধি ভেঙে পার্টি করার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছিল। ঘটনায় হোটেলের ম্যানেজারদেরও ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। করোনা বিধি কড়াকড়ি করার পরেও ফের রাতের শহরে এমন ঘটনা ঘটল।
পুলিশ জানিয়েছে, পার্ক স্ট্রিটের একটি অভিজাত হোটেলের সামনে মত্ত অবস্থায় হুল্লোড় করছিল কয়েকজন। নিয়ম ভাঙায় একটি গাড়ি থেকে বাতিও খুলে নেয় পুলিশ। দুজনকে আটক করা হয়। পুলিশ দেখে বাকিরা পালিয়ে যায়। তাদেরও খোঁজ চলছে বলে জানা গেছে।
করোনা বিধি মেনেই লকডাউনের রাশ আলগা করা হয়েছে। দোকান-বাজার রেস্তোরাঁ, শপিং মল খুললেও সেখানে অক্ষরে অক্ষরে গাইডলাইন মেনে চলার কথা বলা হয়েছে। সেখানে রাতের শহরে বারে বারে বিধি ভঙ্গের অভিযোগ উঠছে। দিনকয়েক আগে পার্ক হোটেলের মতো অভিজাত হোটেলে এমন নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটায় রীতিমতো হতবাক হয়েছিলেন পুলিশ কর্তারা। কোভিড গাইডলাইন না মেনেই মাঝরাত অবধি সাউন্ড বক্স বাজিয়ে পার্ক হোটেলে পার্টি চলছিল। মদ-গাঁজার ফোয়ারা ছিল সেই পার্টিতে। ৩৭ জনকে আটক করেছিল পুলিশ।
কোভিডের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। স্বাস্থ্যকর্তারা বার বার কোভিড বিধি মেনে চলার কথা বলছেন। এই সময় যে কোনও রকম ভিড়, জমায়েতে নিষেধ করা হয়েছে। সে সবের তোয়াক্কা না করেই লাগামছাড়া মনোভাব দেখা যাচ্ছে অনেকের। কোভিড বিধি ভাঙলে আরও কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।