পুরকরে ছাড় কলকাতায়, মার্চের ট্যাক্স মেটানো যাবে জুনেও
দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে লকডাউনের ফলে সাধারণ মানুষের বাইরে বেরনো বন্ধ। জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনও কারণে বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। আর তারমধ্যেই মার্চের শেষে ২০১৯-২০ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকের পুরসভার কর জমা দেওয়ার সময় হয়ে গিয়েছে। এই পরি
শেষ আপডেট: 31 March 2020 17:15
দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে লকডাউনের ফলে সাধারণ মানুষের বাইরে বেরনো বন্ধ। জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনও কারণে বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। আর তারমধ্যেই মার্চের শেষে ২০১৯-২০ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকের পুরসভার কর জমা দেওয়ার সময় হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সেই কর জমা দেওয়ার সময়সীমা বাড়াল কলকাতা পুরসভা। জানিয়ে দেওয়া হল এই কর জুন মাসে দিলেও মিলবে ছাড়।
মঙ্গলবার পুরভবনে এই কর সংক্রান্ত বৈঠকে বসেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ছিলেন অন্যান্য পুর আধিকারিকরাও। সেখানেই এই কর জমা দেওয়ার তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে মেয়র ফিরহাদ হাকিম বলেন, “২০১৯-২০ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকের পুরকর জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হল। এই কর জমা দেওয়ার শেষ তারিখ ছিল আজ অর্থাৎ ৩১ মার্চ। কিন্তু লকডাউনের ফলে মানুষের কর জমা দিতে সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, এই পুরকর জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করা হচ্ছে। সেই সময়ের মধ্যে কর জমা দিলেও পুরকরে ছাড় মিলবে। কাউকে ভয় পাওয়ার দরকার নেই।”
করোনা মোকাবিলায় লকডাউনের ঘোষণা হওয়ার পরেই সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর জোগান যাতে কোনওমতেই বন্ধ না হয় সেটা নিশ্চিত করা থেকে শুরু করে রেশনে একাধিক সুবিধা দেওয়ার ঘোষণা করেছেন তিনি। প্রায় প্রতিদিনই সরেজমিনে শহরের পরিস্থিতি দেখতে বেরিয়ে পড়ছেন তিনি। বারবার মানুষের কাছে আবেদন করছেন সরকারের পাশে থাকার জন্য। এই পরিস্থিতিতে পুরকরের ক্ষেত্রেও মেয়াদ বাড়াল কলকাতা পুরসভা।