
শেষ আপডেট: 7 November 2019 15:49
বুধবার রাত বারোটা বাজার পরই সোশ্যাল মিডিয়ায় অভিষেককে শুভেচ্ছা জানাতে পোস্টের বন্যা বইয়ে দিয়েছেন তৃণমূল কর্মীসমর্থকরা। অনুগামীরাই নীলসাদা বেলুন দিয়ে সাজিয়ে ফেলেন তাঁর অফিসের সামনের রাস্তা। কালীঘাট পটুয়াপাড়ার মোড়ে চারতলা বাড়ি ‘মোক্ষ ল্যান্ডমার্ক’-এর নীচেই এদিন সকালে অনুগামীরা চারতলা কেক এনে হাজির হন। সমর্থকদের ফেরাননি অভিষেক। ওই নীল-সাদা কেক কেটেই রওনা দেন দলের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকে।
একটা সময়ে এই বাড়িতেই থাকতেন যুব তৃণমূল সভাপতি। এখন আর এখানে থাকেন না। কিছুটা দূরে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে নিজের বাড়ি ‘শান্তিনিকেতনে’ থাকেন। তবে এই বাড়িতেই তাঁর অফিস। এখান থেকেই পরিচালনা করেন যুব সংগঠনের কাজ।
বৈঠক থেকে ফিরে ফের একপ্রস্থ সেলিব্রেশন সারতে হয় ডায়মন্ড হারবারের দু’বারের সাংসদকে। তবে সকালে পাঞ্জাবি-জহর কোট পরলেও, বিকেলে পোশাক পাল্টে ফেলেন অভিষেক। গাঢ় নীল রঙের ট্র্যাকপ্যান্ট আর কালো হাফস্লিভ টিশার্ট পরে সমর্থক, অনুগামীদের সঙ্গে সেলফি তোলেন সাংসদ।