দ্য ওয়াল ব্যুরো: তাপপ্রবাহে পুড়ছে উত্তর ও মধ্য ভারতের একাধিক রাজ্য। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টা চলবে এই তাপপ্রবাহ। মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরে দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ুর গতিবিধি শুরু হয়ে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও আগামী ২৪ ঘণ্টা উত্তর ও মধ্য ভারতে চলবে তাপপ্রবাহ।
ইতিমধ্যেই উত্তর ও মধ্য ভারতের বেশ কিছু রাজ্যে তাপমাত্রা পৌঁছেছে ৪৭ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার রাজস্থানের চুরুতে ৫০ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। আইএমডি জানিয়েছে, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের সমতল এলাকার উপর দিয়ে শুষ্ক উত্তর-পশ্চিমী বায়ু বয়ে যাওয়ার কারণেই এই তীব্র তাপপ্রবাহ চলছে। এবং উত্তর ও মধ্য ভারতের পাশাপাশি পূর্ব ভারতের বেশ কিছু অংশেও এই তাপপ্রবাহের প্রভাব পড়বে।
আগামী ২৪ ঘণ্টায় মূলত বিদর্ভ এবং পশ্চিম রাজস্থানে কিছু এলাকায় তাপপ্রবাহ তীব্রতম হবে। এছাড়াও হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, পাঞ্জাব, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, তেলেঙ্গানা এবং কর্নাটকের উত্তর ভাগের বেশ কিছু অংশ অর্থাৎ আইসোলেটেড পকেটে আগামী ২৪ ঘণ্টায় তীব্র তাপপ্রবাহ চলবে।
তবে এইসবের মধ্যে আশার আলো দেখাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। এই হাওয়ার দাপটেই আগামী ২৯ এবং ৩০ মে উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অংশে তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত ভূমধ্যসাগরে তৈরি হয় এই পশ্চিমী ঝঞ্ঝা। তারপর প্রবেশ করে মধ্য এশিয়ায়। এরপর হিমালয়ের সংস্পর্শে এসে পাহাড় এবং সমতল এলাকায় প্রবল বৃষ্টিপাত ঘটায়।
অন্যদিকে আইএমডি সূত্রে খবর যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ক্রমশ বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। তাই নির্ধারিত সময়েই কেরল উপকূলে মৌসুমী বায়ু প্রবেশ করবে বলে আন্দাজ করা হচ্ছে। ফলে মৌসম ভবনের পূর্বাভাস যে এ বছর সঠিক সময়ে আসবে বর্ষা। আর বৃষ্টিও হবে পরিমাণ মতো।