দ্য ওয়াল ব্যুরো: হাতে ছুরি নিয়ে দুষ্কৃতীরা এ বার হানা দিল দিল্লির রাস্তায়। মুখোশ পরে হাতে ছুরি নিয়ে প্রকাশ্যেই দুই ব্যক্তিকে কুপিয়ে খুন করেছে আততায়ীরা। গুরুতর ভাবে জখম হয়েছেন আরও ৬ জন। পুলিশ জানিয়েছে, বুধবার এই ঘটনা ঘটেছে দিল্লির মঙ্গলপুরীতে। পুলিশের প্রাথমিক অনুমান, এটা গোষ্ঠীদ্বন্দ। এলাকায় নিজেদের আধিপত্য বজায় রাখতেই শত্রু গোষ্ঠীর উপর হামলা চালিয়েছে গুণ্ডাবাহিনী।
বাড়ির বাইরে হাটতে বেড়িয়েছিলেন করণ বীর (৪৭) এবং দীনেশ (৩২)। পুলিশ জানিয়েছে সেই সময়ে আচমকাই তাঁদের উপর হামলা চালায় দুই দুষ্কৃতী। কুপিয়ে খুন করা করণ এবং দীনেশকে। এরপর আরও চারজনকে ছুরি দিয়ে কোপায় ওই দুই আততায়ী। পুলিশ জানিয়েছে, এদের মধ্যে দু'জনের নাম বিনয় এবং ইরশাদ। জানা গিয়েছে, দিল্লি জল বোর্ডের এক কর্মী সুরেশের উপরেও হামলা চালায় আততায়ীরা। পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে এটা গোষ্ঠীদ্বন্দ মনে হলেও জানা গিয়েছে নিহত এবং আহত ব্যক্তিদের কোনও ক্রিমিনাল রেকর্ড নেই। ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। তারা জানিয়েছে, ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে এমন কয়েকজন সন্দেহভাজনকে খুঁজে পাওয়া গিয়েছে।
পুলিশ জানিয়েছ, এই ঘটনার দিন দশ আগে এলাকায় দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল মারপিট হয়। সেই ঘটনায় আহত হয়েছিলেন এক ব্যক্তি। গত বুধবার তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনার সঙ্গে নতুন হামলার কোনও যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।