
মাহে আলম
শেষ আপডেট: 20 December 2024 16:28
মুর্শিদাবাদে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু ইতিহাস। সেগুলির মধ্যে একটি হলদিয়া-ফারাক্কা রাজ্য সড়কের পাশের দেউল। স্থানীয়দের দাবি, ৫০০ বছর আগে এই জায়গায় একটি শিব মন্দির ছিল। কিন্তু পরে সেটি বিলুপ্ত হয়ে যায়। এখন সেখানেই মন্দির তৈরির পরিকল্পনা নিয়েছেন গ্রামের মানুষ। আর তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মাহে আলম। তিনি স্থানীয় তৃণমূল নেতা।
বাংলায় এখন দেউল সেরকম আর দেখাই যায় না। তবে ৫০০ বছর আগে এই স্থানে মন্দির ছিল বলে মনে করেন পছিপাড়া মৌজার বাসিন্দারা। সেটি আজ কার্যত ধ্বংস হয়ে একটি উঁচু টিলায় পরিণত হয়েছে। স্থানীয়দের বিশ্বাস এখানে মহাদেব বিরাজমান। তাই আবার ওই স্থানে মন্দির তৈরি পরিকল্পনা নিয়েছেন এলাকার বাসিন্দারা।
মন্দির গড়ার জন্য টাকা ছাড়াও আরও অনেককিছুর সাহায্য লাগবে। তাই এলাকার বাসিন্দাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মাহে আলম।এভাবেই তিনি ছড়িয়ে দিচ্ছেন সম্প্রতির বার্তা। বর্তমানে যেখানে সংখ্যাগুরু-সংখ্যালঘু ইস্যুতে এত বিবাদ, বাংলাদেশের ঘটনা নিয়ে তোলপাড় চলছে, সেই সময়ে মুর্শিদাবাদের এই ঘটনা সত্যিই খুশি করে সকলে। সংখ্যালঘু সম্প্রদায় ও তাঁদের নেতার সহযোগিতা পেয়ে খুশি গ্রামের হিন্দুরাও।
পছিপাড়া মৌজার মধ্যে মোট ৯৩ ডেসিমিটার জায়গা জুড়ে ছিল এই দেউল। বর্তমানে মাত্র ২৭ ডেসিমি জায়গাই পড়ে রয়েছে। এই অংশেই মন্দির গড়ার কথা ভাবা হয়েছে। তবে এতে বাধা সরকারি রেকর্ড। সেখানে জমির মালিক হিসাবে গ্রামের কয়েকজন মুসলিম ধর্মাবলম্বীর নাম রয়েছে। ফলে সমস্যায় পড়তে হচ্ছে মন্দির উদ্যোক্তদের। তাই সে বিষয়ে সহযোগিতা করতেই এগিয়ে এসেছেন স্থানীয় তৃণমূল নেতা মাহে আলম। তবে শুধু মাহে আলমই নন, কয়েকজন মুসলিম সম্প্রদায়ের মানুষও এই দেউল আগলে রেখেছেন।