
শেষ আপডেট: 3 October 2024 19:15
দ্য ওয়াল ব্যুরো: রানাঘাটের ১১২ ফুটের দুর্গা পুজোর অনুমতি দেয়নি প্রশাসন। তাই হাইকোর্টে মামলা প্রত্যাহার করার অনুমতি চায় দুর্গাপুজো কমিটি। সেই অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।
সম্প্রতি নদিয়ার রানাঘাটের একটি পুজো কমিটির ১১২ ফুটের দুর্গা প্রতিমা তৈরিকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। নদিয়ায় প্রশাসনিক বৈঠক করতে এসে সাংবাদিক বৈঠকে ওই প্রসঙ্গের অবতারণা করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন তোলেন, "১১২ ফুটের প্রতিমা করলে কেউ পদপিষ্ট হলে তার দায়িত্ব কে নেবে?"
জবাবও নিজেই দেন মুখ্যমন্ত্রী। বলেন, "১১২ ফুট কেন ৪১২ ফুটের প্রতিমা হোক, আপত্তি নেই। কিন্তু সেই প্রতিমা দেখতে গিয়ে যদি মানুষ মারা যায়? সেখানে মানুষের এন্ট্রি-এক্সিটের পর্যাপ্ত জায়গা রয়েছে কি! শুধু পুজো করলে হবে না, দায়িত্বশীল হয়ে করতে হবে। এমন কিছু করবেন না যাতে মানুষ পদপিষ্ট হয়ে মারা যায়।"
২৫ সেপ্টেম্বর মামলাটির শুনানির সময় এই বিষয়টিই উত্থাপন করেছিলেন রাজ্যের আইনজীবী। তিনি বলেছিলেন, "২০১৫ সালে কলকাতার দেশপ্রিয় পার্কে ‘সবচেয়ে বড় দুর্গা’ তৈরি করা হয়েছিল। ৮৮ ফুটের সেই দুর্গা দেখতে ভিড় ভেঙে পড়ে। বাধ্য হয়ে পুজোর মাঝেই প্যান্ডেল বন্ধ করে দিতে হয়। দেশপ্রিয় পার্কের মতো রানাঘাটের এই পুজোতেও পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। কারণ মাত্র ১৪ ফুটের রাস্তার উপর ওই প্যান্ডেল করা হয়েছে। তাই এই পুজোতে অনুমতি দেওয়া উচিত নয়।"
হাইকোর্টে শুনানির সময় রানাঘাটের ১১২ ফুটের দুর্গাপুজোর অনুমতি দেওয়া নিয়ে কী পদক্ষেপ করলেন জেলাশাসকের কাছে তা জানতে চেয়েছিল আদালত। রিপোর্ট দিয়ে জেলাশাসক জানান, তিনি অনুমতি দিতে পারবেন না। সিপির সঙ্গে আলোচনা করা হবে ওই পুজোর অনুমতি দেওয়া যায় কিনা তা নিয়ে। কিন্তু পরবর্তী শুনানিতেও বিষয়টি ঝুলেই ছিল। শেষপর্যন্ত বুধবার মহালয়ার দিন পুজো করবেন না বলে জানিয়ে দেয় ওই পুজো কমিটি। এই খবরে শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে। পুজো কমিটি জানায়, মামলা চালানোর মতো টাকা পয়সা তাঁদের হাতে নেই। এদিন পুজো কমিটির আর্জি শুনে মামলা প্রত্যাহার করার অনুমতি দেয় আদালত।