দ্য ওয়াল ব্যুরো: ‘দরজা জানলা ভাল করে বন্ধ করেছিলাম। দুই মেয়েকে নিয়ে আমি একা। তখনই হানা দেয় ওরা’, আতঙ্কের রাত যেন ফিরে ফিরে আসছে যুবতীর কাছে। উত্তর-পূর্ব দিল্লির বাসিন্দা ওই যুবতী জানিয়েছেন, কীভাবে উন্মত্ত বিক্ষোভকারীদের হাত থেকে রেহাই পেয়েছিলেন তিনি। বাঁচাতে পেরেছিলেন দুই মেয়েকেও।
বুধবারের রাত। উত্তর-পূর্ব দিল্লির অল-হিন্দ হাসপাতাল লাগোয়া রাস্তায় যেন শ্মশানের স্তব্ধতা নেমেছে। বিকেল অবধি এখানেই টায়ার জ্বালিয়ে, বোমা-গুলি ছুঁড়ে তাণ্ডব চালিয়েছে দাঙ্গাবাজরা। মারধর করা হয়েছে পথচারীদের। কাউকে কোপানো হয়েছে প্রকাশ্যে রাস্তার মাঝেই। সন্ধে নামতেই এলাকায় একরাউন্ড টহল দিয়ে গেছে পুলিশ। রাস্তায় পড়ে লোহার রড, আধপোড়া টায়ার, লোকজনের ছেঁড়াফাটা কাপড়, গুলির খোল। “কারাওয়াল নগরের একটি এনজিও-তে কাজ করি। সন্ধের আগেই বাড়ি ফিরে আসি সেদিন। বাড়িতে ছোট দুই মেয়ে একা। দেরি করিনি,” বলেছেন যুবতী। তাঁর বাড়ি হিন্দু মহল্লায়। আশপাশে দু’একঘর মুসলিমও আছে। তাদের মধ্যে কোনও বিবাদ নেই। বরং সকলেই একে অপরকে সতর্ক করছে সবসময়।
যুবতী বলেছেন, রাত নামতেই বাড়ির বাইরে ফের দাঙ্গাবাজদের তাণ্ডব শুরু হয়। বাড়ি থেকে তাঁকে বেরিয়ে আসতে বলে বিক্ষোভকারীরা। এরপরে দরজা ভাঙতে শুরু করে তারা। যুবতী বলেন, “দোতলা বাড়ির বারান্দা দিয়ে কাপড় ঝুলিয়ে পালাবার চেষ্টা করি। বারান্দার গ্রিলে জড়িয়ে যায় আমার দোপাট্টা। দুই মেয়েই আমাকে আঁকড়ে ধরেছিল। কিন্তু ওরা বেপরোয়া। ততক্ষণে উঠে এসে আমাদের জামাকাপড় ধরে টানাটানি শুরু করে।” টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যায়ার চেষ্টা হয়েছিল, বলেছেন যুবতী। ওদের উদ্দেশ্য তখন খুব স্পষ্ট। জামাকাপড় টেনে খুলে দেওয়ার চেষ্টা চলছে, মারধরও করছে। কোনওরকমে তাদের হাত ছাড়িয়ে দুই মেয়ের হাত ধরে দৌড় শুরু করি।

“পাশের মহল্লায় কয়েকঘর মুসলিম প্রতিবেশীর বাস। একজনকে চিনতাম আয়ুব আহমেদ। মুদির দোকান আছে। তাঁর বাড়িতে গিয়েই আশ্রয় নিই,” যুবতী বলেছেন, মুসলিম মহল্লায় ঢুকতে দেখেই পিছু ধাওয়া করা ছেড়ে দেয় বিক্ষোভকারীরা। এক মুসলিমই প্রাণ বাঁচায় সেদিন। যুবতী বলেছেন, খাবার দেন আয়ুব চাচা। রাতটুকু মাথা গোঁজার জায়গাও দেন। মাথায় হাত রেখে প্রাণ বাঁচানোর আশ্বাসও দেন।
কারাওয়াল নগরের বাসিন্দা সলমন খানের বাড়িতেও সে দিন আগুন লাগানোর চেষ্টা হয়। অ্যাসিড ছুঁড়ে মারা হয় সলমন ও তাঁর পরিবারের দিকে। সলমন বলেছেন, “আমার পিঠ ঝলসে গেছে অ্যাসিডে। কোনওরকমে বেঁচে পালাতে পারি। আমার বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা হয়।”
দিল্লি হিংসায় মৃতের সংখ্য়া ছাড়িয়েছে ৩৯। জখম ২০০ জনেরও বেশি। গত পাঁচদিন ধরে পেট্রল-বোমা ছুঁড়ে, গাড়ি জ্বালিয়ে তাণ্ডব চলছিল রাজধানীর রাস্তায়। এবার অ্যাসিড নিয়েও পথে নেমেছে বিক্ষোভকারীরা। মুস্তাফাবাদের অনেক জায়গায় অ্যাসিড হামলার খবর মিলেছে। অনেকের চোখ-মুখ, গোটা শরীর ঝলসে দেওয়া হয়েছে অ্যাসিডে। দিল্লির তেগ বাহাদুর হাসপাতালে অ্যাসিড ক্ষত নিয়ে ভর্তি অনেকে। অ্যাসিড হামলায় চারজন হারিয়েছেন দৃষ্টিশক্তি। জ্বালাপোড়া ক্ষত নিয়ে রোগীর সংখ্যাও বাড়ছে। মৌজপুর এবং ব্রহ্মপুরীর মতো একই পরিস্থিতি কারওয়াল নগরেও। জাফরাবাদ, মৌজপুর, গোকুলপুরীর অনেক এলাকা আগের তুলনায় অনেকটাই শান্ত বলে দাবি পুলিশের। ১৪৪ ধারার নিষেধাজ্ঞা শিথিল করে স্বরাষ্ট্র মন্ত্রক দেখতে চায়, পরিস্থিতি সত্যিই শান্ত হয়েছে কি না। শুক্রবার ভোর ৪টে থেকে সকাল ১০টা আর তার পর বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত দু’দফায় এই ১৪৪ ধারা শিথিল করা হবে।