দ্য ওয়াল ব্যুরো: অনলাইনে আলাপ হয়েছিল পাকিস্তানি এক তরুণীর সঙ্গে। চলতে থাকে কথাবার্তা, ছবির আদানপ্রদান। ওই তরুণীর প্রেমে পড়ে যান মুম্বইয়ের যুবক ৩৩ বছরের হামিদ আনসারি। প্রেমিকার সঙ্গে দেখা করতে ঝুঁকি নিয়েই আফগানিস্তান হয়ে পাকিস্তানে প্রবেশ করেন আনসারি। এং ধরা পড়ে যান সে দেশের সামরিক গোয়েন্দাদের হাতে। ছয় বছর পাক জেলে কাটানোর পরে অবশেষ মঙ্গলবার ওয়াগা সীমান্ত হয়ে ভারতে ফিরছেন আনসারি। তাঁর প্রেমিকার কী হলো, সে খবর অবশ্য পাওয়া যায়নি।
ঘটনার সূত্রপাত ২০১২ সালে। অনলাইন চ্যাটে কিছুদিন প্রেম করার পরে একেবারে পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত নেন আনসারি। আফগানিস্তান থেকে পাক সীমান্ত পার হয়ে সে দেশে ঢুকতেই হাতেনাতে ধরা পড়েন তিনি। জাল পাক পরিচযপত্র তৈরি করে সে দেশে ঢোকার জন্য তাঁকে গ্রেফতার করা হয়। প্রথমে তাঁকে ভারতের চর মনে করে পাকিস্তান। নানারকম স্তরে বিচার চলার পরে ২০১৫-র ডিসেম্বরে তিন বছরের জেল হয় আনসারির।
ভারতের বিদেশমন্ত্রক থেকে এক বিবৃতিতে বলা হয়েছে আনসারির দেশে ফেরাটা খুব স্বস্তির খবর। পাকিস্তানের বিভিন্ন জেলে বিনা দোষে আটকে থাকা মৎস্যজীবী ও অন্য ভারতীয় নাগরিকদেরও ইসলামাবাদের মুক্তি দেওয়া উচিত বলে মন্তব্য করা হয়েছে ওই বিবৃতিতে।