
নস্করদিঘি গ্রামে তৃণমূলের বুথ সভাপতি শক্তিপদ মান্না
শেষ আপডেট: 14 November 2024 17:28
অভিজিৎ মান্না, পূর্ব মেদিনীপুর
আবাস যোজনার বাড়ি পেয়েও ফিরিয়ে দিলেন তৃণমূল নেতা। লিখিতভাবে বিডিওকে জানালেন, যখন প্রয়োজন ছিল তখন পাননি, এখন ছেলেরা দাঁড়িয়ে গেছে, তাই নেবেন না বাড়ি।
আবাস যোজনা নিয়ে দুর্নীতির ভূরিভূরি অভিযোগ রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। অনেক তৃণমূল নেতার পাকা বাড়ি থাকা সত্ত্বেও দ্বিতীয়বার নতুন করে আবাস যোজনার বাড়ি নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতেই এবার একেবারে ভিন্ন ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ১নম্বর ব্লকে। পাঁশকুড়ার নস্করদিঘি গ্রামে তৃণমূলের বুথ সভাপতি সপরিবারে মাটির বাড়িতে বসবাস করলেও আবাস যোজনার বাড়ি পেয়েও ফিরিয়ে দিলেন প্রশাসনকে।
পাঁশকুড়ার নস্করদিঘির বাসিন্দা শক্তিপদ মান্না পেশায় কৃষক। আর রাজনীতির ময়দানে তিনি তৃণমূলের বুথ সভাপতি। ২০১৬ সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়লাভ করে উপপ্রধানের পদে বসেন শক্তিপদ। এমনকি তাঁর স্ত্রী তিলকা মান্নাও পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়ে ছিলেন। এখনও অ্যাজবেস্টস দেওয়া মাটির বাড়িতেই পরিবার নিয়ে বসবাস করেন তিনি।
তবে সেই সময়ের কথা আলাদা। ঝড়ের সময় বাড়ির দেওয়ালের ফাটল ধরেছিল এবং বাড়ির চালা ভেঙে জল পড়ছিল। একেবারে অসহায় অবস্থা তখন। ছেলেরাও দাঁড়ায়নি। ঘর সারাতে গিয়ে হিমশিম অবস্থা হয়েছিল। একটা পাকা বাড়ি পাওয়ার জন্য আবাস যোজনার তালিকায় তিনি নিজের নাম নথিভুক্ত করেছিলেন। সার্ভে হওয়ার পর তাঁর আবেদন মঞ্জুর হয়েছিল। নতুন করে ২০২৪ সালে আবাস যোজনা লিস্টে শক্তিবাবুর নাম আসে। এমনকি কিছুদিনের মধ্যেই বাড়ি করার জন্য আবাস যোজনার টাকাও পেতেন তিনি।
কিন্তু হঠাৎ করেই তিনি আবাস যোজনার বাড়ি পেয়েও আবাসের বাড়ি নেবেন না বলে জানিয়ে দিলেন প্রশাসনকে। পাঁশকুড়া এক নম্বর ব্লকের বিডিওর কাছে তিনি লিখিতভাবে জানিয়ে দেন আবাস যোজনার বাড়ি নেবেন না। এখনও তিনি তাঁর পরিবার নিয়ে মাটির বাড়িতে বসবাস করলেও তার দুই ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে উপার্জন করছে। ছেলেদের উপার্জনের টাকায় ইতিমধ্যেই বাড়ি তুলছেন। তাই যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আবাসের বাড়ি থেকে বঞ্চিত হচ্ছেন,তাদেরকে বাড়ি দেওয়া হোক। তাঁর এমন কাজে সাধুবাদ জানিয়েছেন ব্লক প্রশাসন ও শাসকদলের নেতারা।
এমনকী এই তৃণমূল নেতাকে সাধুবাদ জানিয়েছে বিজেপিও। পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য স্বাগত মান্না বলেন, "উনি ভাল মানসিকতার বলেই বাড়িটা ফেরত দিলেন। তবে ওঁর ছেলেরা যেখানে পাকা বাড়ি তুলছেন সেই জায়গায় ওঁর নামে বাড়ি অনুমোদন হলই বা কী করে? এইভাবে অনেক তৃণমূল নেতাকর্মীরা বেআইনিভাবে বাড়ি পাচ্ছে, তারা ফেরত দিচ্ছেন না। আর যারা প্রকৃতপাপক তারা পাচ্ছে না।