দ্য ওয়াল ব্যুরো: বুলন্দশহরে পুলিশ আধিকারিক খুনের ঘটনায় অবশেষে ধরা পড়ল মূল অভিযুক্ত। বৃহস্পতিবার প্রশান্ত নট নামের ওই ২৬ বছরের যুবককে গ্রেফতার করা হয়। ৩ ডিসেম্বর বুলন্দশহরে, ইনস্পেক্টর সুবোধ কুমার সিংয়ের উপরে সে-ই গুলি চালিয়েছিল বলে অভিযোগ। জেরায় ধৃত যুবক অভিযোগ স্বীকার করেছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার প্রশান্তকে গ্রেফতার করা হয়েছে। জেরার সময়ে সে স্বীকার করেছে, বুলন্দশহরে সেদিনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষ যোগ ছিল তার। ইনস্পেক্টর সুবোধ কুমার সিংকে সে-ই গুলি করে। প্রশান্ত নটের কথার ভিত্তিতেই তদন্ত এগোবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তরফে আরও জানানো হয়েছে, প্রশান্ত থাকে সিয়ানায়। কিন্তু তাকে সেকেন্দ্রাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটে নাগাদ নয়ডার হাইওয়ের পাশে তাকে গ্রেফতার করে পুলিশ। সেখানেই সে পার্ট টাইম গাড়িচালকের কাজ করত। এই নিয়ে বুলন্দশহর ঘটনায় ২৯ জনকে গ্রেফতার করা হল।
বুলন্দশহরের ঘটনায় যে এফআইআর দায়ের করা হয়েছে তাতে মোট ২৭ জনের নাম রয়েছে। এছাড়া আরও ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে রয়েছে হিংসা ছড়ানোর অভিযোগ। এই ২৭ জনের মধ্যে অন্যতম, হল এলাকার বজরঙ্গি দলের নেতা যোগেশ রাজ। কিন্তু এখনও তাকে গ্রেফতার করেনি পুলিশ। এছাড়া অভিযুক্ত সেনা জওয়ান জিতেন্দ্র মালিক ওরফে জিতু ফৌজির বিরুদ্ধেও রয়েছে অভিযোগ। তাকে অবশ্য গ্রেফতার করা হযেছে।
জিতেন্দ্র জেরায় স্বীকার করেছে, বুলন্দশহরে সংঘর্ষের সময়ে সে ঘটনাস্থলে ছিল। তবে সে পুলিশ আধিকারিক সুবোধ কুমার সিংকে গুলি করেছিল কি না, সে বিষয়ে কিছুই জানায়নি। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনাতেও জড়িত ছিল না বলেই দাবি করেছে সে৷