.jpg)
শেষ আপডেট: 8 February 2024 19:52
দ্য ওয়াল ব্যুরো: দেড় বছর আগেই বাংলার সাড়ে ১১ লক্ষ পরিবার আবাস যোজনার আওতায় বাড়ি বানানোর টাকা পাওয়ার কথা। ২০২২ সালের নভেম্বর মাসে এই খাতে কেন্দ্র ৮ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণাও করেছিল। কিন্তু তার পর অনিয়মের অভিযোগ তুলে সেই বরাদ্দ আটকে দেয়।
১ বছরের বেশি সময় হয়ে গিয়েছে কেন্দ্র ওই বরাদ্দ ছাড়েনি। এই অবস্থায় বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, আর এক মাস তিনি দেখবেন। এর মধ্যে কেন্দ্র আবাস যোজনার টাকা না দিলে রাজ্য সরকারই সেই টাকা দিয়ে দেবে।
সাড়ে ১১ লক্ষ পরিবারের জন্য বাড়ি বানাতে খরচ হওয়ার কথা ছিল সাড়ে ১৩ হাজার কোটি টাকা। এর মধ্যে ৫ হাজার কোটি টাকা রাজ্যের দেওয়ার কথা ছিল। কেন্দ্র তাদের অংশের ৮২০০ কোটি টাকা আটকে রাখায় রাজ্যও বরাদ্দ করেনি। কিন্তু এখন সাড়ে ১১ লক্ষ বাড়ি বানাতে গোটা বরাদ্দের ভার রাজ্য নিজের কাঁধে নিলে নবান্নকেই সাড়ে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করতে হবে। এমনিতে লক্ষ্ণীর ভাণ্ডারের জন্য এবার ১২০০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হতে চলেছে। এর পর আবাসের অর্থের সংস্থার কোথা থেকে হবে তা অবশ্য এদিন বাজেটের পর ব্যাখ্যা করেননি অর্থ সচিব মনোজ পন্থ বা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
এক মাসে আবাসের টাকা না মিললে অন্য ব্যবস্থা নেবে রাজ্য#statebudget2024 #MamataBanerjee #tmc #WestBengal #awasyojona pic.twitter.com/P6KZbwQH9f
— The Wall (@TheWallTweets) February 8, 2024
প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাংলার বরাদ্দ আটকে রাখার প্রসঙ্গে এর আগেও সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে যে শাসক দলের যে ধর্না চলছে, সেই মঞ্চ থেকেও এ ব্যাপারে কেন্দ্রের সমালোচনা করা হয়েছে। লোকসভা ভোটের আগে, অর্থাৎ আগামী এপ্রিল মাসের আগে বাংলার ১১ লক্ষ ৩৬ হাজার পরিবারকে বাড়ি বানানোর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে জন্য নগদ টাকা দেবে এমনটা আগেই লিখেছিল দ্য ওয়াল। দুটি কিস্তিতে প্রতিটি পরিবার ১ লক্ষ ২০ হাজার টাকা করে পাওয়ার কথা।
নবান্ন সূত্রে খবর, আবাস যোজনার জন্য বরাদ্দ করা হলে ওই প্রকল্পে একশ দিনের কাজ প্রকল্পের মজুরদেরও জুড়তে চাইবে সরকার। যাতে এক প্রকল্পের আওতায় বিপুল সংখ্যক মানুষকে আর্থিক সুরাহা দেওয়া যায়। অর্থাৎ আবাসের টাকায় বাড়ি বানানোর কাজে একশ দিনের শ্রমিকরা কাজ করবেন। সব মিলিয়ে কৌশলগত ভাবে এগোচ্ছে নবান্ন। তবে টাকার সংস্থান কোথা থেকে হবে প্রশ্ন শুধু সেটাই।