
নিজস্ব চিত্র
শেষ আপডেট: 4 December 2024 21:29
দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড়ের প্রভাবে বেড়েছিল কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা। ঝড়ের দাপট কমতেই বদলাতে শুরু করেছে আবহাওয়া। আলিপুর জানাচ্ছে, এই সপ্তাহেই শীতের ঝোড়ে ব্যাটিং শুরু হবে রাজ্যের প্রায় সব জেলায়। শনি-রবিবার নাগাদ কমতে পারে তাপমাত্রা।
উত্তর ও উত্তর পশ্চিমের জেলাগুলিতে আগামী কদিন ঠান্ডা হাওয়া বইবে। শনিবারের মধ্যে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। একইভাবে তাপমাত্রা নামবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার অর্থাৎ ৭ ডিসেম্বর। যার প্রভাবে শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে। হালকা বৃষ্টি হতে পারে কালিম্পঙের পাহাড়ি এলাকাতেও। ৭-৯ ডিসেম্বর উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকায় তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিমের সমতলে প্রভাব পড়বে রবিবার। সিকিম ও সিকিম সংলগ্ন উত্তরবঙ্গের কিছু এলাকাতেও প্রভাব পড়বে।
পরে ১০ ডিসেম্বর, মঙ্গলবার দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি উত্তর দিনাজপুর ও মালদহতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
নভেম্বর মাঝখান থেকেই শীতের ইনিংস শুরু হলেও মৌসম ভবনের এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্টের রিপোর্ট বলছে, জাঁকিয়ে শীতের সম্ভাবনা এবার তুলনামূলক কম এরাজ্যে। কোল্ড ওয়েভ কম হতে পারে। তাপমাত্রার পতনও এই মরশুমে অন্যান্য বছরের তুলনায় কম হবে। সর্বনিম্ন গড় তাপমাত্রা স্বাভাবিকের সামান্য উপরে থাকবে মরশুমজুড়ে।