
প্রতীকী ছবি
শেষ আপডেট: 2 October 2024 10:30
দ্য ওয়াল ব্যুরো: মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল কলকাতার বাঁশদ্রোণীতে। খালি হয়ে গেল এক মায়ের কোল। টিউশন যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল নবম শ্রেণির এক স্কুল পড়ুয়ার। মাটি কাটার যন্ত্রের গাড়ি (জেসিবি) পিষে দিয়েছে তাকে। এই ঘটনায় চরম ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনাস্থলে পুলিশ এলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান তারা। স্থানীয় কাউন্সিলর কেন দ্রুত আসেননি সেই নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।
কলকাতা পুরসভার ১১৩ নং ওয়ার্ডে রাস্তা সারাইয়ের কাজ চলছিল। মহালয়ার সকালে সেই কাজের সময়ই বিপত্তি ঘটে। কোচিং সেন্টারে যাওয়ার পথে স্কুলছাত্রকে পিষে দেয় জেসিবি। স্থানীয় সূত্রে খবর, হেঁটেই টিউশনিতে যাচ্ছিল ওই ছাত্র। জেসিবির সামনে দিয়ে যাওয়ার সময়ে আচমকাই তার সামনে এগিয়ে থাকা অংশ ছাত্রকে একটি গাছের সঙ্গে পিষে দেয়! তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এই ঘটনার প্রতিবাদে জেসিবিতে ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা।
এলাকার মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার সমস্যায় ভুগতে হচ্ছে তাঁদের। কিন্তু কোনও রকম পদক্ষেপ স্থানীয় কাউন্সিলর নেননি। এদিকে মর্মান্তিক দুর্ঘটনা ঘটার পরও এলাকায় আসেননি তিনি বলে দাবি। ঘটনাস্থলে পুলিশ গেলে তাঁদের ঘিরে চরম বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। হুঁশিয়ারি দেওয়া হয়, কাউন্সিলর যতক্ষণ না আসবেন, ততক্ষণ পুলিশকে তাঁরা কাজ করতে দেবেন না।
কিন্তু কীভাবে ঘটল এই দুর্ঘটনা? অনুমান করা হচ্ছে, জেসিবিতে কোনও যান্ত্রিক ত্রুটি হয়েছিল। তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। অসাধানতা বা অসতর্কতার কারণেও এই ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে রয়েছে সকাল থেকেই।