
প্রতীকী ছবি
শেষ আপডেট: 16 January 2025 10:52
দ্য ওয়াল ব্যুরো: গল্ফগ্রিনের মহিলা খুনের কিনারা মাত্র ২৪ ঘণ্টার মধ্যে করে ফেলল পুলিশ। গ্রেফতার করা হল তাঁর ভাইপোকে। টাকা ধার চেয়ে মেলেনি, সেই রাগেই পিসিকে খুন করেছে সে, পুলিশকে এমনই জানিয়েছে ধৃত।
নবীনা সিনেমা হলের পিছনে রাজেন্দ্র প্রসাদ কলোনি থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়েছিল। তাঁর নাম নাফিসা খাতুন। বয়স ৪০-এর আশপাশে। তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছিল। মনে করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে তাঁকে। সেই অস্ত্রেরই খোঁজ চালাচ্ছিল পুলিশ।
ঘটনার তদন্ত শুরু করে মহিলার ভাইপোকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জানা গেছে, কার্যত ভয় পেয়েই সব কথা স্বীকার করে নেয় সে। জানায়, ১০ হাজার টাকা ধার চেয়েছিল সে কিন্তু মহিলা দেননি। উল্টে নাকি তাঁকে অপমান করে। সেই রাগেই এই ঘটনা ঘটিয়েছে সে।
পুলিশ জানতে পেরেছে, টাকা চাওয়ায় ধৃতকে অপমান করেছিলেন মহিলা। তার জন্য তাঁকে মারধর করেছিল যুবক। এরপর তিনি নিজেকে বাঁচাতে রান্নাঘর থেকে ছুরি এনেছিলেন ভয় দেখানোর জন্য। সেই ছুরি নিয়েই পাল্টা মহিলাকে আক্রমণ করে যুবক। এলোপাথাড়ি কোপ চালায়। পরে শ্বাসরোধ করে খুন করে পিসিকে।
রাজেন্দ্রপ্রসাদ কলোনি এলাকায় মায়ের সঙ্গে থাকতেন নাফিসা। কাজ করতেন প্রিন্স আনোয়ার শাহ রোডের নামী শপিং মলের একটি দোকানে। আর মৃতার ভাইপো হরিদেবপুরের বাসিন্দা।