.jpeg)
নিজস্ব ছবি
শেষ আপডেট: 10 April 2025 16:28
দ্য ওয়াল ব্যুরো: আবহাওয়া অফিস বলেছিল, বৃহস্পতিবার থেকে স্বস্তির বৃষ্টি শুরু হবে রাজ্যজুড়ে। মিলে গেল অনুমান, দুপুর গড়াতেই বৃষ্টিতে ভিজল শহরের রাজপথ। স্বস্তি কতোটা মিলল সে নিয়ে অবশ্য প্রশ্ন থেকে যাচ্ছে।
বর্ষণের ইঙ্গিত অনেকদিন ধরে মিললেও সেভাবে বৃষ্টির দেখা পাওয়া যায়নি বাংলায়। বিক্ষিপ্তভাবে কিছু জেলায় অল্প-বিস্তর হলেও গরম কমেনি। উল্টে দাবদাহ আরও বেড়েছে। ফলে বৃষ্টির জন্য অপেক্ষা করছিলেন সকলে। বৃহস্পতিবার দুপুর হতেই একফোঁটা-দু'ফোঁটা করে যখন পড়তে শুরু করেছে, খুশিতে আত্মহারা হয় আট থেকে আশি সকলে। তবে, বৃষ্টির পরিমাণ খুব বেশি ছিল না ফলে তাপমাত্রায় খুব একটা হেরফের হল না।
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে পুরুলিয়া, বীরভূম, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলায় বৃষ্টি হবে বলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সন্ধে থেকে হালকা ঠান্ডা হাওয়া বইবে।
উত্তরবঙ্গেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা বাড়বে সেখানে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।
কালবৈশাখী নিয়ে এখনও কোনও আপডেট দিতে পারেনি আবহাওয়া অফিস। এপ্রিল মাসে অন্তত একটা কালবৈশাখীর আশা করে রাজ্যবাসী। কিন্তু এবার তার দেখা মিলবে কিনা তা জানা যায়নি। শুধুমাত্র ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বৃষ্টি হলে। আর এপ্রিলের মাঝামাঝি সময় থেকে দাবদাহ বাড়তে পারে স্বাভাবিক নিয়মে।
এদিকে চলতি বছর গড়ে ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা থাকতে পারে বাংলায়। কলকাতায় ৪৫ ডিগ্রি হওয়ার সম্ভাবনাও প্রবল।