দ্য ওয়াল ব্যুরো: মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদীর বিরুদ্ধে। আজ, শুক্রবার সকালে বেঙ্গালুরুতে রাগিনীর দুটি বাড়িতে তল্লাশি চালায় সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)। দীর্ঘক্ষণ তাঁকে জেরা করার পরে কিছু জিনিস বাজেয়াপ্ত করাও হয়। সিসিবি-র আধিকারিকরা জানিয়েছেন, বেঙ্গালুরুর ড্রাগ পাচার সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগ আছে রাগিনীর।
বৃহস্পতিবার মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেঙ্গালুরু থেকেই দু’জনকে গ্রেফতার করে সিসিবি। তাদের একজনের নাম রবিশঙ্কর। কর্নাটক সরকারের পরিবহন দফতরের কর্মী। তদন্তকারীরা জানিয়েছেন, রবিশঙ্করের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে রাগিনীর। তার কাছ থেকেই পাচারচক্রের সঙ্গে অভিনেত্রীর জড়িত থাকার খবর মেলে। অন্যজনের নাম রাহুল শেট্টি। মাদক পাচার চক্রের পান্ডাদের সঙ্গে রাহুলের যোগাযোগ আছে বলে দাবি করেছে সিসিবি।
৩০ বছরের রাগিনী কন্নড় ছবির জনপ্রিয় মুখ। এখনও অবধি ২৫টি সিনেমা করেছেন। আট বছর আগে সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডও পেয়েছেন। গোয়েন্দা অফিসাররা বলেছেন, এর আগেও রাগিনীকে তলব করা হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা দেননি। অভিযোগ, নিজের মোবাইল নম্বরও বদলে ফেলেছিলেন অভিনেত্রী। অফিসাররা বলছেন, রাহুল শেট্টি কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির চেনা মুখ। সেই সুবাদে ফিল্ম ইন্ডাস্ট্রির আরও অনেককেই মাদক পাচার করা হত বলেও মনে করছেন তদন্তকারীরা।
অগস্ট মাসেই বেঙ্গালুরুতে মাদক পাচারের বড় চক্রের খোঁজ পায় নারকোটিক কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। পশ্চিম বেঙ্গালুরু থেকে ১২ জনকে পাকড়াও করা হয়। তাদের জেরা করে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির আরও অনেক নামিদামি ব্যক্তিদের নামই উঠে এসেছে বলে জানা গিয়েছে। তদন্তকারীরা বলছেন, এই পাচার চক্রের সঙ্গে আন্তর্জাতিক যোগ রয়েছে।
সিসিবি জানাচ্ছে, দিল্লি থেকে এই পাচার চক্রের সঙ্গে জড়িত আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম বীরেন খান্না। এই বীরেনের সঙ্গে রবিশঙ্করের যোগাযোগ ছিল বলেই দাবি অফিসারদের।
বেঙ্গালুরু পুলিশ কমিশনার কমল পান্ত বলেছেন, গত একমাস ধরেই মাদক পাচারের পান্ডাদের খোঁজ করা হচ্ছে বেঙ্গালুরুতে। এই চক্রের ডালপালা ছড়িয়ে রয়েছে অন্যান্য রাজ্যেও। বেশ কয়েকজন ফোনের কথোপকথন রেকর্ড করে তার প্রমাণ মিলেছে। দ্বিতীয় দফায় আরও বড় তল্লাশি অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।