
আজও কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে কলকাতায়।
শেষ আপডেট: 10 May 2024 11:10
দ্য ওয়াল ব্যুরো: মেঘলা আকাশ। বিক্ষিপ্ত হচ্ছে দিনভর। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়। ঘন ঘন বজ্রপাতের সঙ্গে তুমুল বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় গতকাল শিলাবৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার পর্যন্ত বাংলায় ঝড়বৃষ্টি চলবে। তাপমাত্রা একই রকম থাকবে। আজও কলকাতা-সহ কয়েকটি জেলায় দুর্যোগের সম্ভাবনা আছে।
হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব অসম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে এই অক্ষরেখা। তার টানেই প্রচুর জলীয় বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ তৈরি করেছে বাংলার আকাশে। এর জেরেই গত দুদিন ধরে ঝড়বৃষ্টি হচ্ছে। তাছাড়া বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার প্রভাবে বৃহস্পতিবার কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হয়। আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ৬০-৭০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সঙ্গে দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে।
আজ সন্ধে বা রাতের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সঙ্গে ঝড় বইবে। ঘন ঘন বাজ পড়তে পার। ঝড়বৃষ্টির সময় রাস্তায় থাকতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কালবৈশাখীর সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে কালবৈশাখীর মত পরিস্থিতি তৈরি হতে পারে আজও।
শনি ও রবিবার উপকূলের জেলা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও। তাপমাত্রা আপাতত কমই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে রবিবারের পর থেকে আবার বৃষ্টি কমতে পারে। সোমবার থেকে আবার তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। তবে ১৫ মে-র আগে খুব বেশি গরম বাড়ার সম্ভাবনা নেই।