দ্য ওয়াল ব্যুরো : আইএনএক্স মিডিয়া দুর্নীতির মামলায় রাজসাক্ষী হতে চেয়ে আদালতে আবেদন করেছিলেন শিনা বরা হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জি। বৃহস্পতিবার দিল্লির আদালত সেই আর্জি মেনে নিল। ওই মামলায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তি চিদম্বরম। আগামী ১১ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে।
ইন্দ্রাণী মুখার্জি এখন আছেন বাইকুলা জেলে। শিনা বরা হত্যা মামলায় তাঁর বিচার চলছে।
অভিযোগ, পি চিদম্বরম অর্থমন্ত্রী থাকার সময় আইএনএক্স মিডিয়াকে ৩০৫ কোটি টাকা বিদেশী বিনিয়োগ পাইয়ে দেওয়া হয়। যদিও ওই সংস্থায় মাত্র চার কোটি টাকা বিদেশী বিনিয়োগের অনুমতি ছিল। কার্তি তাঁর বাবার প্রভাব খাটিয়ে ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ডকে বাড়তি বিনিয়োগে রাজি করিয়েছিলেন। ওই মামলায় তদন্ত করছে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট।
ইডি-র অভিযোগ, আইএনএক্স মিডিয়ার দুই ডিরেক্টর পিটার ও ইন্দ্রাণী মুখার্জি একাধিক কংগ্রেস নেতার সঙ্গে দেখা করেছিলেন যাতে বিনিয়োগে দেরি না হয়। গত ফেব্রুয়ারি মাসে ওই মামলায় চিদম্বরম ও তাঁর ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ইডি-র এক অফিসার জানিয়েছেন, জেরায় চিদম্বরমকে প্রশ্ন করা হয়, আইএনএক্সের দুই ডিরেক্টর আপনার সঙ্গে দেখা করেছিলেন কেন? আপনি অর্থমন্ত্রী থাকাকালীনই আইএনএক্স মিডিয়ায় বিদেশী বিনিয়োগের অনুমতি দেওয়া হল কেন?
গত জানুয়ারিতে পি চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ আনার জন্য অনুমতি চায় সিবিআই। সেই অনুমতি মেলে ফেব্রুয়ারি মাসে। যদিও সিবিআই এখনও চার্জশিট দিতে পারেনি। কারণ ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ডের চার অফিসারকে অভিযুক্ত করার জন্য এখনও অনুমতি দেওয়া হয়নি গোয়েন্দা সংস্থাকে।
ইডি ইতিমধ্যে কার্তির ৫৪ কোটি টাকার সম্পত্তি ও একটি ফার্ম বাজেয়াপ্ত করেছে। পিটার ও ইন্দ্রাণী মুখার্জির সম্পত্তিও বাজেয়াপ্ত হয়েছে।
আইএনএক্স দুর্নীতির মামলায় সিবিআই গতবছর কার্তিকে গ্রেফতার করে। অল্পদিনের মধ্যে তিনি জামিনে ছাড়া পান। তাঁকে ১০ কোটি টাকা জামানত রাখতে বলা হয়েছিল। গত মে মাসে তিনি বিদেশে যাওয়ার অনুমতি চান। তখন তাঁকে আরও ১০ কোটি টাকা জামানত রাখতে বলা হয়।