
শেষ আপডেট: 12 May 2023 18:29
দ্য ওয়াল ব্যুরো: জ্ঞানবাপী মসজিদের (Gyanvapi Mosque) বিতর্কিত 'শিবলিঙ্গ' নিয়ে এবার বিজ্ঞানভিত্তিক পরীক্ষা করার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। এর আগে বারাণসীর এই মসজিদের ভিতরে থাকা বিতর্কিত ওই কাঠামোটি সত্যি শিবলিঙ্গ কিনা তা জানার জন্য পরীক্ষার দাবি করে একদল হিন্দু ধর্মাবলম্বী মানুষ বারাণসীর জেলা আদালতে আবেদন জানিয়েছিলেন। কিন্তু তাঁদের সেই আর্জি খারিজ করে দিয়েছিল আদালত। কিন্তু সেই ঘটনার ৬ মাস পর কাঠামোটি সত্যি শিবলিঙ্গ (Gyanvapi Shivling) কিনা তা পরীক্ষা করে দেখার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে বিজ্ঞান ভিত্তিক সমীক্ষা করার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট।
এর আগে অক্টোবর মাসে ওই কাঠামোটির কার্বন ডেটিংয়ের আর্জি জানিয়ে নিম্ন আদালতে গিয়েছিলেন আবেদনকারীরা। কিন্তু তাঁদের সেই আর্জি খারিজ করে দিয়েছিল নিম্ন আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল করেছিলেন আবেদনকারীদের একটি অংশ। তাঁদের আবেদনের প্রেক্ষিতেই শুক্রবার এই অর্ডার দিল হাইকোর্ট।
এলাহাবাদ হাইকোর্ট এদিন জানিয়েছে, কাঠামোটির কোনও ক্ষতি না করেই সেটির বৈজ্ঞানিক সমীক্ষা করতে হবে ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগকে।
প্রসঙ্গত, জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গের অস্তিত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই জারি রয়েছে বিতর্ক। হিন্দুত্ববাদীদের একাংশের দাবি, মসজিদের ভিতরেই মিলেছে একটি কাঠামো যা আসলে সুপ্রাচীন শিবলিঙ্গের ভাঙা অংশ। অন্যদিকে মসজিদ কর্তৃপক্ষের দাবি, যেটিকে হিন্দুত্ববাদীরা শিবলিঙ্গ বলে দাবি করছেন সেটি আসলে মসজিদের ওজুখানার ফোয়ারার একটি অংশ। সেই ফোয়ারার জলে হাত মুখ ধুয়ে তবেই নামাজ পড়তে বসেন মানুষ। যদিও সেই দাবি নস্যাৎ করে দিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন হিন্দুত্ববাদীরা। নিম্ন আদালতে তাঁরা ধাক্কা খেলেও এলাহাবাদ হাইকোর্ট শেষ পর্যন্ত কাঠামোটি পরীক্ষা করে দেখার পক্ষেই রায় দিল।
গলায় দড়ি দিয়ে ঝুলছেন বিচারাধীন বন্দি! হুলস্থুল মেদিনীপুর মেডিকেল কলেজে