
শেষ আপডেট: 30 March 2024 20:04
দ্য ওয়াল ব্যুরো: শেখ শাহজাহানকে গ্রেফতার করল ইডি। জেলে টানা পাঁচ ঘণ্টা জেরার পর সন্দেশখালির 'মাস্টারমাইন্ড'-কে হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি।
শনিবার বসিরহাট আদালতে ইডি আবেদন জানিয়েছিল, শাহজাহানকে জেলে গিয়ে জেরা করতে চায়। আদালত অনুমতি বেলা ১ টা নাগাদ বসিরহাট জেলে পৌঁছয় ইডি অফিসাররা। জেলে দীর্ঘক্ষণ জেরার পরই শেখ শাহজাহানকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক দুর্নীতি মামলার তদন্তে অসহযোগিতার জন্য শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রের খবর। সোমবার সন্দেশখালির তৃণমূল নেতাকে বিশেষ ইডি আদালতে পেশ করা হবে।
সন্দেশখালিতে ইডি অফিসারদের উপর হামলার ঘটনায় শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই। বৃহস্পতিবার সেই হেফাজতের মেয়াদ শেষে সন্দেশখালির 'ডন'কে ১২ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। এবার একদিনের মধ্যেই শাহজাহানকে নিজেদের হেফাজতে নিল ইডি।
শনিবার বেলা ১১টা নাগাদ ইডির পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল বসিরহাট আদালতে এসে পৌঁছন। কী কারণে জেরা করতে চাইছেন, সেই সংক্রান্ত নথি আদালতে জমা দেন তদন্তকারীরা। একই সঙ্গে আদালতকে ইডি জানায়, দেশের সরকারি অর্থ তছরুপ করে বিদেশে পাচার মামলায় প্রায় ৩১ কোটি ২০ লক্ষ টাকা এ পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে । আরও ১২ কোটি ৭৮ লক্ষ টাকার হদিস মিলছে। কিন্তু জেলে জেরার সময়ে এজিন শাহজাহান এ সংক্রান্ত প্রশ্নের জবাব না দেওয়াতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর।
গত ১ মাসে তৃতীয়বার গ্রেফতার হল শেখ শাহজাহান। ২৯ ফেব্রুয়ারি পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। এরপর আদালতের নির্দেশে সিবিআই তাঁকে গ্রেফতার করেI এবার ইডির হাতে গ্রেফতার হল সন্দেশখালির তৃণমূল নেতা। তবে আপাতত জেলেই থাকবে শাহজাহান। তাঁকে এখনই হেফাজতে নেবে না ইডি। আদালতের প্রক্রিয়া শেষ করে প্রয়োজনে পরে তাকে হেফাজতে নিয়ে পারে ইডি, ইডি সূত্রে এমনটাই জানা গিয়েছে।