
কলতান দাশগুপ্ত
শেষ আপডেট: 14 September 2024 19:11
দ্য ওয়াল ব্যুরো: সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তর বিরুদ্ধে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাঁকে গ্রেফতার করে ১৪ দিনের হেফাজত চাওয়ার আবেদন করেছিল পুলিশ। কিন্তু কলতানের ৭ দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে।
কলতান ছাড়াও এই ঘটনায় গ্রেফতার হন সঞ্জীব দাসকেও গ্রেফতার করে পুলিশ। তাঁরা সাংবাদিক বৈঠক করে বলেন, ''অডিও ক্লিপের সত্যতা নিয়ে কোনও সংশয় নেই। তদন্তের সময় এঁদের স্বরের নমুনা মিলিয়ে দেখব। আইনানুগ পদ্ধতিতে তদন্ত হবে।'' শুক্রবার তৃণমূল নেতা কুণাল ঘোষ অবস্থানরত জুনিয়র ডাক্তারদের উপর হামলার ছক করা হচ্ছে দাবি করে একটি অডিও প্রকাশ করেছিলেন। তার প্রেক্ষিতেই এই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সঞ্জীব দাস অডিও-র কথা স্বীকার করেছেন বলে দাবি করেছেন তদন্তকারী অফিসাররা। পুলিশ সূত্রের খবর, ওই ষড়যন্ত্রের ঘটনায় আরও কয়েকজনের যুক্ত থাকার খবর পাওয়া গেছে। তাদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে।
এই গ্রেফতারির তীব্র নিন্দা করে পাল্টা তৃণমূলকে দুষেছে সিপিএম নেতৃত্ব। গোটা বিষয়টিকে 'অপরাধমূলক ষড়যন্ত্র' বলেই দাবি করা হয়েছে। সিপিএম নেতা মহম্মদ সেলিমের দাবি, 'জাস্টিস ফর আরজি কর' দাবিতে হওয়া গণআন্দোলনকে বদনাম করার চেষ্টা হচ্ছে বলেই স্পষ্ট ইঙ্গিত মিলছে। তৃণমূল সরকার বিজেপি দেখানো পথে হাঁটছে বলেও দাবি করেছেন সেলিম। বক্তব্য, নকল ও জাল ইলেকট্রনিক 'প্রমাণের' ভিত্তিতে আন্দোলনকারীদের মিথ্যা অভিযোগে জেলে পাঠানো হয়েছিল দিল্লিতে। বাংলাতেও তাই করা হচ্ছে।
সেলিম এও দাবি করেছেন, ভীমা কোরেগাঁও মামলায় বিজেপি সরকার যে কাজ করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সেই পথই অনুসরণ করছে। তৃণমূলের আইটি সেল ডিপফেক এবং সাজানো ক্লিপ ব্যবহারে পারদর্শিতা দেখাচ্ছে! তাই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণ করা হোক এই দাবিতেও তাঁরা অটল বলে জানিয়েছেন বর্ষীয়ান এই নেতা।