জনপ্রিয় ডেটিং অ্যাপে যুবকের সঙ্গে এক তরুণীর আলাপ হয়। কথাবার্তা এগোতেই দেখা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী তরুণী যুবককে কলকাতার রানীকুটির এলাকার একটি ক্যাফেতে ডাকেন, যার নাম 'কাপল ক্যাফে জ়োন'।

প্রতীকী ছবি (এআই নির্মিত)
শেষ আপডেট: 13 April 2026 14:39
দ্য ওয়াল ব্যুরো: প্রেম মানেই কি শুধু হৃদয়ের কেমিস্ট্রি, নাকি কখনও কখনও সেটা 'লাভ-শক' দিতে পারে? অনেক সময়েই ভাল লাগার শুরুটা যতটা সহজ হয়, শেষটা ততটাই অপ্রত্যাশিত হয়ে যেতে পারে। ডেটিং অ্যাপ থেকে পরিচয়, সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে ডেটেও যায় যুগল, কিন্তু সেখানে এমনই এক অভিজ্ঞতা সামনে এসেছে, যা শুনে কেউ অবাক, কেউ আবার রসিকতা করতে ছাড়ছেন না। প্রেমের শুরুটা হয়েছিল কফির কাপ দিয়ে, আর শেষটা হয়েছে ৮,৫০০ টাকার বিলে।
এক জনপ্রিয় ডেটিং অ্যাপে যুবকের সঙ্গে এক তরুণীর আলাপ হয়। কথাবার্তা এগোতেই দেখা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী তরুণী যুবককে কলকাতার রানীকুটির এলাকার একটি ক্যাফেতে ডাকেন, যার নাম 'কাপল ক্যাফে জ়োন'। অভিযোগ, জায়গাটি বেছে নেওয়ার ক্ষেত্রেও ছিল পরিকল্পনার ছাপ।
নির্ধারিত দিনে দু’জনের দেখা হয়। শুরুতে সবকিছুই ছিল একেবারে স্বাভাবিক- কফি, হুক্কা, আর হালকা আড্ডা। প্রেমের গন্ধ তখন যেন কফির ধোঁয়ার সঙ্গে মিশে ভেসে বেড়াচ্ছিল। কিন্তু সেই ‘সিনেম্যাটিক’ মুহূর্ত বেশিক্ষণ টেকেনি।
হঠাৎ করেই আসে বিল। আর সেই বিলের অঙ্ক দেখে যেন গল্পের মোড় ঘুরে যায়- মোট ৮ হাজার ৫০০ টাকা। অভিযোগ, এই সময়েই পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে। ক্যাফের কর্মীরা চারপাশ থেকে যুবককে ঘিরে ধরেন বলে দাবি করা হয়, তৈরি হয় চাপের পরিবেশ।

এরপরই আসে আসল চমক। সাহায্য বা ব্যাখ্যা চাইতে যুবক যখন সঙ্গিনীর দিকে তাকান, তখন দেখা যায় তিনি আগেই সেখান থেকে চলে গিয়েছেন। মুহূর্তেই ‘ডেট’ যেন বদলে যায় এক অপ্রত্যাশিত ফাঁদে।
তদন্তকারীদের একাংশের মতে, এটি একটি পরিচিত প্রতারণা কৌশল, যাকে অনেকে 'হানিট্র্যাপ বিলিং ফ্রড' বলে থাকেন। অভিযোগ অনুযায়ী, ডেটিং অ্যাপে পরিচয় তৈরি করে নির্দিষ্ট ক্যাফেতে দেখা করানো হয়, এরপর অতিরিক্ত বিল দেখিয়ে চাপ সৃষ্টি করে টাকা আদায় করা হয়। এতে একাধিক ব্যক্তি বা চক্র জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
শহর কলকাতা-সহ বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনার অভিযোগ আগেও উঠেছে। তবে অনেক সময় ভুক্তভোগীরা সামাজিক লজ্জা বা সংকোচে সামনে আসেন না, ফলে প্রতারকরা সুযোগ পেয়ে যায় বলে মত অনেকের।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ একে গুরুতর প্রতারণা বলছেন, আবার কেউ হালকা মেজাজে মন্তব্য করছেন, 'ডেটে গিয়ে কফির বদলে ৮,৫০০ টাকার সারপ্রাইজ গিফট!'