
শেষ আপডেট: 1 February 2024 20:50
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সংসদে অন্তর্বতী বাজেটে পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানেই বিরোধী রাজ্যগুলির ক্ষেত্রে বরাদ্দে বঞ্চনার অভিযোগ এনে সরব হলেন কর্নাটকের কংগ্রেস সাংসদ ডি কে (দোদ্দালহাল্লি কেম্পেগৌড়া সুরেশ)। অবিলম্বে এই বঞ্চনা বন্ধ না হলে দক্ষিণ ভারতের পৃথক দেশ গড়ার দাবিতে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ডি কে বলেন, “বেছে বেছে বিরোধী রাজ্যগুলিকে, বিশেষত দক্ষিণ ভারতকে উন্নয়নের তহবিল থেকে বঞ্চিত করছে কেন্দ্রের বিজেপি সরকার। এই জিনিস বন্ধ না হলে আমাদেরকে পৃথক দেশের দাবিতে আন্দোলনে নামতে হবে।” তাঁর আরও অভিযোগ, “বিজেপি দেশকে ভাগ করতে চাইছে।”
গত বছর কর্নাটকের ক্ষমতায় এসেছে কংগ্রেস। তারপরই কেন্দ্রর তরফে বঞ্চনা শুরু হয়েছে বলে অভিযোগ কংগ্রেস নেতৃত্বর।
প্রসঙ্গত, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ইতিমধ্যে সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিএসটির নাম করে রাজ্য থেকে টাকা তুলে নিয়ে গিয়েও প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগে বারে বারে সরব হয়েছেন তিনি।
সম্প্রতি কেন্দ্রের বিরুদ্ধে একই অভিযোগ করেছিল কেরল এবং তামিলনাড়ুর রাজ্য সরকার। এবার একই অভিযোগ শোনালেন কর্নাটকের কংগ্রেস সাংসদ।
ডি কে’র অভিযোগ, “দেশের অগ্রগামী রাজ্যগুলির মধ্যে প্রথমসারিতে রয়েছে কর্নাটক। তবু বেছে বেছে প্রতিটি ক্ষেত্রে কেন্দ্র বঞ্চনা করছে। রাজ্য থেকে আদায় করা করের টাকাও দিচ্ছে না কেন্দ্র।”
পাল্টা কটাক্ষ ধেয়ে এসেছে গেরুয়া শিবির থেকে। বিজেপি নেতা নারায়ণস্বামী রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার প্রসঙ্গ টেনে বলেন, “মুখে ভারত জোড়ো যাত্রার কথা বলে দেশকে জোড়ার পরিবর্তে ভাঙতে চাইছে কংগ্রেস।”
নারায়ণস্বামীর আরও দাবি, “কংগ্রেসের মানসিকতায় হল দেশকে ভাগ করা। ১৯৪৭ সালেও ওরা এটা করেছিল।”