
শেষ আপডেট: 17 August 2023 08:08
দ্য ওয়াল ব্যুরো: আগুন জ্বলছে পাকিস্তানে। ধর্ম অবমাননার (Blasphemy) অভিযোগে খ্রিস্টানদের একের পর এক গির্জায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। চারটি গির্জায় হামলা হয়েছে বলে খবর। বাড়িঘর জ্বলছে, খ্রিস্টান মহল্লার বাড়িগুলিতে অবাধে চলছে লুটপাট। বুধবার বিকেল থেকে তাণ্ডব চলছে পাকিস্তানে পাঞ্জাব প্রদেশের শিল্পশহর ফয়সলাবাদ-সহ বেশ কিছু এলাকায়।
ব্লাসফেমি বা ইসলাম ধর্ম অবমাননা (Blasphemy) পাকিস্তানে শাস্তিযোগ্য অপরাধ। যদিও এই আইনে এখনও পর্যন্ত কারও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। তবে ধর্ম অবমাননার অভিযোগে এর আগেও পাকিস্তানে এমন তাণ্ডব হয়েছে। উন্মত্ত জনতা বাড়িঘরে আগুন লাগিয়েছে, অবাধে খুন হয়েছে প্রকাশ্য রাস্তায়।
জারানওয়ালা তহসিলের ধর্মযাজক ইমরান ভাট্টি জানিয়েছেন, ইসা নগরী এলাকায় স্যালভেশন আর্মি গির্জা, ইউনাইটেড প্রেসবিটারিয়ান গির্জা, অ্যালাইড ফাউন্ডেশন গির্জা এবং শেহরুনওয়ালা গির্জায় লুটপাঠ, ভাঙচুর হচ্ছে। ইলাম ধর্ম অবমাননা হয়েছে বলে দাবি তুলে খ্রিস্টানদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। উন্মত্ত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে বিশাল পুলিশবাহিনী।
আরও পড়ুন: মোদীকে রাহুলের জবাব, ‘নেহেরু নামে নন, কাজে বেঁচে থাকবেন’
হামলাকারী উন্মত্ত জনতার বেশিরভাগই মূলত ইসলামপন্থী রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান বা টিএলপির সঙ্গে জড়িত। যদিও টিএলপি এ অভিযোগ অস্বীকার করেছে।