
এনডিএ-র জয়ে আঙুল কেটে কালী মন্দিরে উৎসর্গ করেন বিজেপি সমর্থক
শেষ আপডেট: 8 June 2024 13:10
দ্য ওয়াল ব্যুরো: ভোটগণনার দিন সকাল থেকেই বিজেপির রেজাল্ট দেখে মনমরা হয়ে পড়েছিলেন। পছন্দের দল পিছিয়ে পড়ছে দেখে কালী মন্দিরে গিয়ে মানত করে আসেন ছত্তীসগঢ়ের বলরামপুর এলাকার এক যুবক। ৩০ বছর বয়সি ওই যুবক বিজেপির সমর্থক।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বিজেপির আসন সংখ্যা। শেষ পর্যন্ত বিজেপির ঝুলিতে আসে ২৪০। এনডিএ সর্বসাকুল্যে পায় ২৯৩টি আসন। গেরুয়া শিবিরের আসন বাড়ছে দেখে মন্দিরে মানত পূরণ করতে ছুটে যান দুর্গেশ পাণ্ডে নামে ওই যুবক। এনডিএ-র জয়ের পর নিজের হাতের আঙুল কেটে মন্দিরে উৎসর্গ করেন তিনি। বিজেপি সমর্থকের রক্তে ভেসে যায় মন্দির চত্বর।
প্রাথমিকভাবে কাপড় বেঁধে রক্ত বন্ধ করতে চেয়েছিলেন যুবক। তাতে কোনও লাভ হয়নি। তড়িঘড়ি দুর্গেশকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে রক্ত বন্ধ করতে না পারায় তাঁকে অম্বিকাপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শেষে অপারেশন করে রক্তক্ষরণ বন্ধ করেন চিকিৎসকেরা। তবে চিকিৎসায় বেশি দেরি হয়ে যাওয়ায় আঙুলটি আর জোড়া লাগানো সম্ভব হয়নি। বর্তমানে যুবকের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।
খানিকটা সুস্থ হয়ে যুবক বলেন, ‘‘প্রথম দিকে কংগ্রেস জিততে থাকায় আমার মনখারাপ হয়ে গিয়েছিল। গ্রামের মন্দিরে গিয়ে আমি প্রার্থনা করে এসেছিলাম। পরে এনডিএ জেতায় মন্দিরে গিয়ে নিজের বাঁ হাতের আঙুল উৎসর্গ করেছি মন্দিরে গিয়ে। তবে ৪০০-র গণ্ডি পেরোলে আরও খুশি হতাম।’’
গত ৪ জুন চব্বিশের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাওয়া তো দূর, চব্বিশের লোকসভা নির্বাচনে একার ক্ষমতায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনও জিততে পারেনি বিজেপি। ২৪০ আসনেই থমকে গিয়েছে বিজেপি। আর নরেন্দ্র মোদী-র 'আব কি বার ৪০০ পার'-এর শ্লোগান যে অধরাই থেকে যাবে তা মোটামোটি ভোট গণনার প্রথম দিকেই আঁচ পাওয়া গিয়েছিল।