.webp)
কলকাতা হাইকোর্ট।
শেষ আপডেট: 1 May 2024 16:59
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।
একই সঙ্গে আদালত এও জানিয়েছে, ময়নাতদন্তের পর এখনই দেহ সৎকার করা যাবে না। দেহ সংরক্ষণ করে রাখতে হবে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের নজরদারিতে দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত জানিয়েছে, দ্বিতীয় ময়নাতদন্ত হবে এসএসকেএম হাসপাতালে।
গত বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের বাকচা এলাকার একটি পানের বরজের ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। নিহত যুবকের নাম দীনবন্ধু মিদ্যা (১৮)। তাঁর বাড়ি বাকচার গোড়ামহল গ্রামে।
পুলিশের তরফে রিপোর্টে দাবি করা হয়, গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে দীনবন্ধু। যদিও পুলিশের ওই অভিযোগ উড়িয়ে পরিবারের তরফে খুনের অভিযোগ আনা হয়। এরপরই পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। আদালত মামলা গ্রহণ করে।
এদিন নিহতের পরিবারের আইনজীবী পুলিশের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে আদালতে বলেন, দীনবন্ধুর শরীরে আঘাতে চিহ্ন পাওয়া গেলেও ময়নাতদন্তের রিপোর্টে তার কোনও উল্লেখ নেই। এরপরই দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত।