
রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 16 July 2024 20:23
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্পর্কে মর্যাদাহানিকর কোনও মন্তব্য নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রী ছাড়াও তৃণমূলের ৪ জনকে এই নির্দেশ দিয়েছে বিচারপতি কৃষ্ণা রায়ের সিঙ্গল বেঞ্চ।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করেছিলেন সি ভি আনন্দ বোস। পরে তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রায়াত হোসেন সরকার এবং তৃণমূল নেতা কুণাল ঘোষকেও ওই মামলায় যুক্ত করা হয়। সংশ্লিষ্ট মামলাটিতে মুখ্যমন্ত্রী সহ চার জনকে রাজ্যপালের বিরুদ্ধে কোনও রকম অসম্মানজনক মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রায়।
রাজ্যপালের করা মামলায় হাইকোর্ট অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে, ১৪ অগস্ট পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, তৃণমূল নেতা কুণাল ঘোষ, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়াও ও রিয়াদ হোসেন বোসের বিরুদ্ধে অসম্মানজনক কোনও মন্তব্য করতে পারবেন না। যদিও মূল মামলার বিচার এখনও শুরু হয়নি। একইসঙ্গে উচ্চ আদালতের পর্যবেক্ষণ, মামলাকারী দাবি করেছে যে কিছু মন্তব্যে তাঁর মর্যাদা ক্ষুন্ন হয়েছে। তাই এই রকম মন্তব্য থেকে বিরত থাকা উচিত।
মঙ্গলবারের শুনানিতে আদালতের আরও পর্যবেক্ষণ, ‘‘বাদীপক্ষ একটি প্রাথমিক মামলা করেছেন এবং এই পর্যায়ে অন্তর্বর্তী আদেশ মঞ্জুর করা না হলে তা বিবাদী পক্ষকে মানহানিকর বিবৃতি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার শামিল হবে। সেক্ষেত্রে দুই পক্ষের উপরই প্রভাব পড়তে পারে।’’
দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথগ্রহণের ইস্যুতে দীর্ঘ টানাপোড়ন চলেছিল। রাজ্যপালকে সরাসরি আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্লীলতাহানির যে অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে উঠেছিল সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, মহিলারা রাজভবনে যেতে ভয় পান। মমতার সেই মন্তব্যের প্রেক্ষিতে হাইকোর্টে মামলা করেন সিভি আনন্দ বোস।