
শেষ আপডেট: 5 November 2023 21:33
দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতি মামলার তদন্তে শনিবার সকাল থেকে ফের রাজ্য জুড়ে অভিযানে নামে ইডি। উত্তর ২৪ পরগনার বনগাঁ এবং নদিয়ায় মন্ত্রী ঘনিষ্ঠ তিনজন ব্যবসায়ীর বাড়ি, অফিস এবং মিলে তল্লাশি চালান তদন্তকারীরা। ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ চালকল মালিক বাকিবুর রহমানকে গ্রেফতার করেছে তদন্তকারীরা।
সূত্রের খবর, ইডির নজরে রয়েছে মন্ত্রী ঘনিষ্ঠ আরও প্রায় ডজন খানেক ব্যবসায়ী। সল্টলেকের পাশাপাশি এই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং বর্ধমানের বেশ কিছু ব্যবাসীয়র নাম।
একই সঙ্গে তদন্তকারীদের র়্যাডারে উত্তর ২৪ পরগনার একাধিক কাউন্সিলরও। সূত্রের খবর, প্রাক্তন খাদ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের তালিকা তৈরি হচ্ছে। আগামী সপ্তাহের গোড়া থেকেই শুরু হতে পারে মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং কাউন্সিলরদের জিজ্ঞাসাবাদ পর্ব।
সূত্রের খবর, জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন এবং বর্তমান আপ্ত সহায়কে জেরা করে এই বিষয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কেন্দ্রীয়তদন্তকারী সংস্থার হাতে। বরানগর, দমদম, বনগাঁ, মধ্যমগ্রাম সহ উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভার কাউন্সিলরের বিষয়েও রেশন দুর্নীতির বিষয়ে একাধিক তথ্য পেয়েছেন তদন্তকারীরা।
গত ১৩ অক্টোবর মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুরকে গ্রেফতার করে ইডি। বাকিবুরের বাড়িতে তল্লাশি চালিয়ে আগেই দক্ষিণ ২৪ পরগণার এক এম আর ডিলারের নাম জানতে পেরেছিল ইডি। সূত্রের খবর, ওই রেশন ডিলারের কাছ থেকে কেজি প্রতি গমে ৫টাকা করে পেতেন মন্ত্রী ঘনিষ্ঠ মিল মালিক বাকিবুর। রেশনের ভাগ বাকিবুরের মাধ্যমেই মন্ত্রীর কাছেও পৌঁছত বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে আরও তথ্য জানতে ইডি ইতিমধ্যে ওই এমআর ডিলারকে তলব করেছে বলেও তদন্তকারী সংস্থা সূত্রের খবর।
এদিকে মন্ত্রী ঘনিষ্ঠ একাংশ ব্যবসায়ীর দাবি, তাঁদের অবস্থা ছিল জলে থেকে কুমিরের সঙ্গে বাস করার মতো। তাই অন্যায় জেনেও বহু ক্ষেত্রে তাঁরা আপোষ করতে বাধ্য হয়েছিলেন। এক ব্যবসায়ীর খোলামেলা জবাব, “বাড়তি লাভের আশায় সবাই প্রভাবশালীদের ঘনিষ্ঠ হতে চায়। আমিও হয়েছিলাম। জানি না এখন তার খেসারত দিতে হবে কিনা।”