
শেষ আপডেট: 10 October 2023 18:42
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: দিগন্ত বিস্তীর্ণ সবুজ খেত। তারই মাঝে পড়ে একটি সাদা শাড়ি। দূর থেকে তাতে চাপ-চাপ রক্ত লেগে থাকতে দেখলেন কৃষকেরা। খানিকটা এগোতেই চোখে পড়ল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ১৪ টি হাড়। শিউরে উঠলেন সকলে। পাশেই যে পড়েছিল আধার কার্ড। চাষীদের অনুমান, শিয়ালের আক্রমণে হয়তো মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। যদিও নিশ্চিত বুঝতে পারছিলেন না কেউই। খবর দেওয়া হয় পুলিশে। হাড়গুলি সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার রদিপুর গ্রামে। আধার কার্ড থেকেই জানা গিয়েছে মৃত বৃদ্ধার নাম সর্বমঙ্গলা মণ্ডল। আশি বছরের ওই বৃদ্ধা ওই গ্রামেরই বাসিন্দা। বেশ কয়েকদিন আগে মেয়ের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। দূরত্ব বেশি না হওয়ায় তিনি পায়ে হেঁটেই রওনা দেন। কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও মেয়ের বাড়িতে তিনি পৌঁছাননি । খোঁজাখুঁজি শুরু হয় সব জায়গায়। কিন্তু কোথাও কোনও খবর না পেয়ে চিন্তিত হয়ে পড়ে পরিবার।
এরপরই সোমবার বিকেলে রদিপুর গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরের ধানখেতে হাড় পড়ে থাকত দেখেন কৃষকেরা। পাশেই ছিল একটি পুঁটুলি ও সাদা শাড়ি। সেই পুঁটুলি থেকেই আধার কার্ড ও ভোটার কার্ড পাওয়া যায়। সেই পরিচয়পত্র থেকেই বৃদ্ধার পরিচয় জানতে পারেন সকলে। দ্রুত খবর দেওয়া হয় বৃদ্ধার পরিবারকে।
বৃদ্ধার মেয়ে এসে তাঁর মা-এর পরিচয় পত্র দেখে শনাক্ত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ। হাড়, কাপড়, পুঁটুলি সহ বেশ কিছু নথিপত্র উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। হাড়গুলি ময়নাতদন্তের জন্য সিউড়ি হাসপতালের পুলিশ মর্গে পাঠানো হয়।
ঘটনাটি জানতে পেরে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এলাকাবাসীদের দাবি, ওই এলাকায় বেশ অনেকদিন ধরেই প্রচুর শিয়াল রয়েছে। আর সেই শিয়াল হয়েতো ওই বৃদ্ধাকে মাঠের আলপথ দিয়ে যাওয়ার সময় খুবলে খেয়েছে বলে অনুমান এলাকাবাসীর। উদ্ধার হওয়া হাড়গুলি সর্বমঙ্গলা মণ্ডলের কিনা খতিয়ে দেখছে পুলিশ।