
শেষ আপডেট: 2 December 2023 16:06
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ধর্মতলার পর খেজুরিতে বিজেপির সভা ঘিরে কম নাটক হয়নি। সভার অনুমতি পেতে হাইকোর্টে ছুটতে হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আদালতের অনুমতি পাওয়ার পরেই শনিবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সভার আয়োজন করেছে বিজেপি। তবে সভা শুরু হওয়ার আগেই সভাস্থলের অদূরে বোমা উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
শনিবার খেজুরি ১ ব্লকের কামারদায় সভা রয়েছে শুভেন্দুর। সেইসভার প্রস্তুতি নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের মধ্যে ব্যস্ততা তুঙ্গে। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থকরা এসে ভিড় করতে শুরু করেন। সেই সভা শুরু হওয়ার আগেই বোমাতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
জানা গেছে, সভাস্থলের কাছেই একটি স্কুল আছে। সেই স্কুলের পরিত্যক্ত এক শৌচালয় থেকে উদ্ধার হল বেশ কয়েকটি তাজা বোমা। স্থানীয়রাই প্রথম বোমা দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় খেজুরি থানার পুলিশকে। পুলিশ এসে বোমাগুলি পরীক্ষা করে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। তারা এসে বোমা উদ্ধার করে নিয়ে যায়।
কে বা কারা এখানে বোমা রেখে গেছে তা জানা যায়নি এখনও। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে কেউ সেই বোমা ওখানে রেখে গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কী উদ্দেশে এই বোমা রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, খেজুরিতে বিজেপির এই সমাবেশ ঠিক ছিল অনেকদিন আগেই। সেইমতো জেলাজুড়ে প্রচারও শুরু করেছে গেরুয়া শিবির। কিন্তু শুভেন্দুর এই সভা ঘিরে জটিলতা দেখা দেয়। বিজেপি শিবিরের অভিযোগ ছিল, সভার অনুমতি চেয়ে পুলিশকে অনেক আগেই আবেদন জানানো হয়েছিল। কিন্তু অনুমতি মেলেনি।
তারপরই হাইকোর্টে মামলা করেন শুভেন্দু। শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপে খেজুরিতে বিজেপির সভার অনুমতি মিলেছে। তবে আদালত তার নির্দেশে জানিয়েছে, শব্দবিধি মেনে শান্তিপূর্ণভাবে সভার আয়োজন করতে হবে বিজেপিকে। কোনওরকম উস্কানিমূলক মন্তব্য করা যাবে না সভা থেকে। হাইকোর্টের অনুমতি পাওয়ার পরেই সভার প্রস্তুতি শুরু করে দেয় পদ্ম শিবির। কিন্তু শনিবার সভা শুরুর আগে বোমা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গেল খেজুরিতে।