
শেষ আপডেট: 7 April 2024 17:50
দ্য ওয়াল ব্যুরো: বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করে ভূপতিনগরে হানা দেয় এনআইএ। ভূপতিনগরে তৃণমূল নেতাদের বাড়িতে অভিযানের আগে অর্থের বিনিময়ে 'বাংলা বিরোধী’ ষড়যন্ত্র করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাতে মূল চক্রান্তকারী ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, রবিবার এই অভিযোগে সরব হয়েছে তৃণমূল। সাংবাদিক বৈঠকে রীতিমতো জিতেন্দ্রর সঙ্গে এনআইএ-র গোপন বৈঠকের ভিডিও প্রকাশের হুঁশিয়ারি দেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। শাসকদলের এই অভিযোগ নিয়ে শোরগোলের মধ্যেই মুখ খুললেন জিতেন্দ্র।
কুণালের অভিযোগ উড়িয়ে দিলেন জিতেন্দ্র তিওয়ারি। পাল্টা মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তৃণমূল মুখপাত্রের অভিযোগের প্রেক্ষিতে জিতেন্দ্র বলেন, 'যাঁরা অভিযোগ এনেছেন প্রমাণ করার দায়িত্ব তাঁদের। খাম বলতে তৃণমূল কংগ্রেস পয়সার কথা ভাবে। তাঁরা কোন খামের কথা বলছে জানি না। টাকা পয়সার লেনদেন, এই সমস্ত কাজে তাঁরাই অভ্যস্ত। ওরা এই সমস্ত কাজেই ব্যস্ত থাকে।’
তৃণমূল নেতৃত্বের দাবি, গত ২৬ মার্চ এনআইএ-এর এসপি ধনরাম সিংহের বাড়িতে বৈঠক করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। আর সেখানেই বাংলার কোন তৃণমূল নেতাদের বাড়িতে এনআইএ হানা দেবে তার তালিকা দেওয়া হয় বলে দাবি তৃণমূলের। শুধু তাই নয়, একটি সাদা প্যাকেট মুড়ে এনআইয়ের ওই অফিসারকে বিজেপি নেতা টাকা দেন বলেও অভিযোগ তৃণমূলের মুখপাত্রের। আর 'আপত্তিকর' এই অভিযোগ সাত দিনের মধ্যে প্রত্যাহার করে না নিলে মানহানির মামলা করবেন বলে জানিয়েছেন জিতেন্দ্র।
প্রসঙ্গত, জিতেন্দ্র তিওয়ারি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপিতে যোগদান করেছিলেন। আসানসোলের প্রাক্তন মেয়রের বিজেপিতে যোগদান নিয়ে বিস্তর সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। গেরুয়া শিবিরের টিকিটে তিনি ভোটে লড়লেও শেষমেশ জয়ী হতে পারেননি।
এখনও পর্যন্ত আসানসোল লোকসভা কেন্দ্রে কাকে প্রার্থী করবে বিজেপি, তা স্পষ্ট নয়। এর আগে ভোজপুরী গায়ক পবন সিংকে প্রার্থী করা হলেও তিনি শেষ পর্যন্ত লড়াই করতে চাননি। আবার আসানসোলে বিজেপি প্রার্থী হিসাবে জিতেন্দ্র তিওয়ারির নামও উঠে আসছিল। কয়েকটি জায়গায় দেওয়াল লিখনের ছবিও সামনে আসে। যদিও বিজেপির উচ্চ নেতৃত্বের নজরে আসতেই তা তড়িঘড়ি মুছে দেওয়া হয়। এরই মধ্যে জিতেন্দ্র তিওয়ারির নামে নয়া অভিযোগ তুলল তৃণমূল। দলীয় সূত্রের খবর, এ নিয়ে সুপ্রিম কোর্টেও যাচ্ছে তৃণমূল।