দ্য ওয়াল ব্যুরো : গত শুক্রবার জানা যায়, বেজিং-এর শিনফাডি বাজারে কর্মরত দু’জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তার পরে গভীর রাতেই বন্ধ করে দেওয়া হল সেই বাজার। চিন আশঙ্কা করছে, সেদেশে অতিমহামারীর ‘সেকেন্ড ওয়েভ’ দেখা দিতে পারে। ফের হু হু করে বাড়তে পারে সংক্রমণ।
শিনফাডি বাজারে দু’জন কীভাবে করোনাভাইরাসে আক্রান্ত হলেন জানা যায়নি। চিন সরকার আগেই ওই বাজারে মাংস বিক্রি বন্ধ করে দিয়েছিল। এরপর দু’জনের করোনা পজিটিভ হওয়ায় রাজধানীর অন্যান্য পাইকারি বাজারও বন্ধ করে দেওয়া হয়েছে। চিনের সরকার নিয়ন্ত্রিত ‘বেজিং ইউথ ডেলি’-র খবর অনুযায়ী, একটি বাজারে স্যালমন মাছ কাটার জায়গায় করোনাভাইরাসের সন্ধান মিলেছিল। তারপরে শহরের প্রতিটি সুপার মার্কেট স্যালমন মাছ রাখা বন্ধ করেছে।
বেজিং পুর কর্তৃপক্ষ জানিয়েছে, শিনফাডি বাজারে যাতায়াত আছে এমন ১০ হাজার লোকের টেস্ট করা হবে। আগামী সোমবার থেকে শহরের স্কুলগুলি খোলার কথা ছিল। শনিবার জানানো হয়েছে, আপাতত স্কুলগুলি বন্ধই থাকবে। শুক্রবার চিনে ১১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার আরও সাতজন উপসর্গহীন করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে।