
শেষ আপডেট: 16 November 2023 20:38
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: জয়নগরের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করকে খুনের অভিযোগে বৃহস্পতিবার নদিয়া থেকে সিপিএম নেতা আনিসুর রহমান লস্করকে গ্রেফতার করে পুলিশ। এফআইআরে নাম ছিল এই সিপিএম নেতার।
পুলিশ সূত্রের খবর, আনিসুর এবং সইফুদ্দিন দুজনেই পূর্ব পরিচিত। গত পঞ্চায়েত ভোটের সময় প্রার্থীপদের অন্যতম দাবিদার ছিলেন আনিসুর। তখন থেকেই সইফুদ্দিনের সঙ্গে বিবাদ চলছিল আনিসুরের।
পঞ্চায়েত ভোটে টিকিট না পেয়েই সিপিএম-এ ফিরেছিলেন আনিসুর। তারই জেরে এই খুন কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যদিও এদিন আনিসুর দাবি করেছেন, তাঁকে ফাঁসানো হয়েছে।
সোমবার সকালে নমাজ পড়তে যাওয়ার পথে দুষ্কৃতীরা ঘাড়ে বন্দুক ঠেকিয়ে হত্যা করে বামনগাছি অঞ্চলের তৃণমূল নেতা সইফুদ্দিনকে। তারপর থেকেই আনিসুর গা ঢাকা দিয়েছিলেন বলে পুলিশের দাবি। এমনকী নিজের মোবাইল ফোনও বন্ধ রেখেছিল সে। তদন্তে নেমে পুলিশ শাহরুল শেখ নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটকও করে পুলিশ।
সূত্রের খবর, তাদের জেরা করেই পুলিশের ধারণা সইফুদ্দিন খুনে আনিসুরই মাস্টার মাইন্ড। শাহরুলের মুখে প্রথমবার তার নাম জানতে পারে পুলিশ। আনিসুরই তাকে নিয়ে এসে সইফুদ্দিনের উপর নজরদারির কাজ দিয়েছিল বলে জেরায় জানায় শাহরুল।
এরপরেই শুরু হয় আনিসুরের খোঁজ। দলুয়াখাঁকিরই বাসিন্দা আনিসুর। পুলিশ তার বাড়িতে হানা দিতেই বাড়ি ছেড়ে পালায় সে। তারপর থেকে তাঁর মোবাইল ফোন ট্র্যাক করা শুরু করে পুলিশ। একবার বাসন্তীতে তার অবস্থান টের পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। কিন্তু খোঁজ মেলেনি। পরবর্তীতে নদিয়ার রানাঘাটে তাঁর মোবাইল ফোনের লোকেশন দেখে সেখানে যায়। রানাঘাট থেকেই গ্রেফতার করে নিয়ে আসা হয় আনিসুরকে। ধৃতকে জেরা করে এই সংক্রান্ত আরও তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা।