
শেষ আপডেট: 28 March 2023 02:56
দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের পলাতক খলিস্তানি নেতা অমৃতপাল সিং (Amritpal Sing) কি নেপালে? এই প্রশ্নই দানা বাঁধছে পাঞ্জাব পুলিশ মহলে। প্রায় প্রতিদিনই নতুন নতুন ছদ্মবেশে অমৃতপালের ছবি সামনে আসছে। কিন্তু তাকে কিছুতেই বাগে আনতে পারছে না পাঞ্জাব পুলিশ। অনুমান অমৃতপাল নেপাল হয়ে অন্য দেশেও পালিয়ে যেতে পারেন।
শনিবার কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস নেপালি বিদেশ মন্ত্রককে একটি চিঠি পাঠায়। তাতে অনুরোধ করা হয়েছে, অমৃতপাল যদি নিজের পাসপোর্ট বা কোনও ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে নেপাল হয়ে পালাতে চান তবে যেন তাঁকে গ্রেফতার করা হয়। অমৃতপাল সংক্রান্ত সব তথ্য নেপালের গোয়েন্দা সংস্থা, সেখানকার সমস্ত হোটেল, উড়ান সংস্থাকে জানিয়েছে ভারত। কোনওভাবেই যাতে ছদ্মবেশ নিয়ে অমৃতপাল অন্য কোথাও পালাতে না পারেন তা দেখার জন্য অনুরোধ করা হয়েছে।
জলন্ধরে পাঞ্জাব পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালানোর পরে রাজধানী-সহ নানা জায়গায় অমৃতপালের ছবি সামনে এসেছে। তিনি সীমান্ত পেরিয়ে নেপালে পালাতে পারেন, এমন আশঙ্কা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাই সীমান্তে এসএসবি-কে সতর্ক করা হয়েছে।
ছত্তীসগড়ে মাওবাদীদের দৌরাত্ম্য বাড়ছে, আইইডি বিস্ফোরণে নিহত সশস্ত্র বাহিনীর কম্যান্ডার
ইতিমধ্যেই অমৃতপালের পাল্টে ফেলা মোট সাতটি চেহারার ছবির প্রকাশ করেছে পাঞ্জাব পুলিশ। বিভিন্ন চেহারার ছবি শেয়ার করে অমৃতপালের হদিশ পাওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেছিল পুলিশ। জলন্ধর গ্রামীণ পুলিশ এর আগেই একটি ব্রেজা গাড়ি উদ্ধার করে। যেটায় চেপে অমৃতপাল পালিয়েছিল বলে সন্দেহ পুলিশের। সেই ১৮ মার্চ অমৃতপালকে তাড়া করা শুরু করেছে পাঞ্জাব পুলিশ। তাঁর একাধিক সঙ্গীকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে বারে বারেই হাতছাড়া হয়ে গেছেন খলিস্তানি নেতা অমৃতপাল সিং।