
শেষ আপডেট: 9 April 2024 17:37
দ্য ওয়াল ব্যুরো: গার্ডেনরিচে বহুতল ভেঙে মৃত্যুর ঘটনায় ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি তুললেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। বললেন, "এটা একধরনের খুন, এক ধরনের হত্যা। কেন অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না! মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল ফিরহাদকে ঘাড় ধরে নামিয়ে ওকে গ্রেফতার করা।"
গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে ৯ জন মানুষের মৃত্যু ঘটনায় মঙ্গলবার আগাগোড়াই সরব ছিলেন অধীর চৌধুরী। তিনি বলেন, "কলকাতায় ব্যাঙের ছাতার মতো বহুতল হচ্ছে। এগুলি হল তৃণমূল নেতাদের বিরাট মাপের আয়ের উৎস। প্রমোটারি আর জমি লুঠ করে ফুলেফেঁপে উঠছে তৃণমূল নেতারা। মেয়রসাহেব কি বসে থাকবেন! তাই তার চোখের সামনে আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে বেআইনি নির্মাণ হচ্ছে। অথচ তিনি চোখ বন্ধ করে রয়েছেন কেন তা কি মানুষ বোঝে না! এতগুলি মানুষের জীবন কেড়ে নিলেন তিনি। মুখ্যমন্ত্রীর নৈতিকতা থাকলে এখনই মেয়র পদ থেকে ববিকে ঘাড় ধরে নামিয়ে জেলে পাঠাতেন।"
অধীরের দাবি, পরিকল্পিতভাবে কলকাতা শহর যে আর তৈরি হচ্ছে না এই ঘটনা তার প্রমাণ। তৃণমূলের নেতারা পয়সা খেয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন বলেও মন্তব্য করেন তিনি।
রবিবার গভীর রাতে গার্ডেনরিচের আজহার মোল্লা বাগানে এলাকায় ঝুপড়ির উপর ভেঙে পড়ে নির্মীয়মাণ একটি বহুতলের একাংশ। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন বহু মানুষ। স্থানীয় মানুষজনই প্রথম উদ্ধার কাজে হাত লাগান। পরে ছুটে আসে পুলিশ ও দমকল। আসে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও। বাড়ি ধসে প্রাথমিকভাবে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে অবশ্য মৃতের সংখ্যা আরও বাড়ে। এ পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে রয়েছেন কিনা খোঁজ চলছে।