
শেষ আপডেট: 24 July 2023 13:39
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৬ জুলাই চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অগস্টের প্রথম সপ্তাহের তাঁর চোখে (eye treatment) অস্ত্রোপচার হওয়ার কথা। এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কাছে আবেদনও জানিয়েও কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ। তারই প্রেক্ষিতে এদিন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
আদালতে জমা দেওয়া আবেদনে অভিষেকের আইনজীবী জানান, ২৬ জুলাই থেকে ২০ অগস্ট এই সময়ে আমেরিকায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৮ অগস্ট আমেরিকার হাসপাতালে তাঁর অ্যাপয়েনমেন্ট। চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য সময় লাগবে। ওই চব্বিশ দিন তিনি দেশের বাইরে থাকবেন, তা গত ১৫ জুলাই ইডিকে জানিয়েছিলেন। কিন্তু ইডি তাতে কোনও সাড়া দেয়নি বলে অভিযোগ। সেই কারণে সোমবার তিনি ইডির মামলার পরিপ্রেক্ষিতে বিদেশ যাত্রার বিষয়টি হলফনামায় উল্লেখ করেছেন বলে খবর।
২০১৬ সালে বিধানসভা ভোটের সময় মুর্শিদাবাদে দলীয় কর্মীসভা থেকে ফেরার পথে হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে অভিষেকের গাড়ি। ওই দুর্ঘটনাতেই তার বাঁ চোখের নিচের হাড় ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় গাড়িটিও। তখন থেকেই দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন তিনি। গত বছরের অক্টোবরে আমেরিকার হাসপাতালে তাঁর চোখের অস্ত্রোপচার হয়। তখনই চিকিৎসকেরা জানিয়েছিলেন ফলোআপের জন্য ফের তাঁকে আমেরিকায় আসতে হবে। সেই বিষয়েই সময় থাকতে ইডির কাছে আর্জি জানিয়েও সাড়া মেলেনি বলে অভিযোগ।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে কেমন ছিল স্কুলের প্রধান শিক্ষকদের ভূমিকা, শিকড় খুঁজতে তৎপর সিবিআই