দ্য ওয়াল ব্যুরো : মধ্যপ্রদেশে ৬০ লক্ষ 'ভুয়ো ভোটারের' সন্ধান পেল কংগ্রেস। ভুয়ো ভোটারের তালিকাও রাজ্য নির্বাচন কমিশনে জমা দিয়েছে ওই দল।
চলতি বছরের শেষ দিকেই বিধানসভা ভোট হবে মধ্যপ্রদেশে। তার আগে ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে তদন্তের জন্য চারটি টিম গঠন করেছে তারা। টিমের সদস্যরা আজ সোমবার থেকে বাড়ি বাড়ি ঘুরে দেখবেন, ভোটার তালিকায় ঠিকঠাক নাম তোলা হয়েছে কিনা। কোনও ভুল থাকলে কীভাবে সংশোধন করা যায়, তার পরামর্শ দেবেন। ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দেবেন চার দিনের মধ্যে।
প্রদেশ কংগ্রেস সভাপতি কমল নাথ বলেন, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে ভোটার তালিকায় ভুয়ো ভোটদাতাদের নাম তোলা হয়েছে। অপর কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, গত ১০ বছরে রাজ্যে জনসংখ্যা বেড়েছে ২৪ শতাংশ। কিন্তু ভোটার বেড়েছে ৪০ শতাংশ।
রাজ্যের প্রধান নির্বাচনী অফিসার সেলিনা সিং বলেন, আমরা ভুয়ো ভোটারদের নামগুলি বাদ দিচ্ছি। এমন ৩ লক্ষ ৮৬ হাজার ভোটারের নাম ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে।