দ্য ওয়াল ব্যুরো : যৌন নিগ্রহের অভিযোগ নিয়ে হবে জনশুনানি। সেজন্য চার অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে তৈরি হবে কমিটি। কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী শুক্রবার জানিয়েছেন একথা।
গত সোমবারও কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী মি টু বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেন, যৌন হেনস্থার অভিযোগ ১০-১৫ বছর বাদেও করা যায়। এখন যে অনেক মহিলা সাহস করে মুখ খুলছেন তাতে আমি খুশি। যে যৌন হেনস্থা করে মেয়েরা তাকে ১০-১৫ বছর বাদেও মনে রাখে। আমি মেয়েদের বলতে চাই, তোমরা অনেক পরেও অভিযোগ করতে পার।
দিন পনের আগে অভিনেত্রী তনুশ্রী দত্ত অভিনেতা নানা পাটকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। তার পরে একে একে মুখ খুলতে থাকেন অনেক মহিলা। রাজনীতিক, অভিনেতা, চিত্র পরিচালক, খেলোয়াড়, অনেকের বিরূদ্ধেই একই অভিযোগ ওঠে।