
তৃণমূল বিধায়কের গাড়ি বনেটে বসে পড়লেন বিজেপি নেত্রীর মেয়ে!
শেষ আপডেট: 15 October 2024 12:22
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বসিরহাট দক্ষিণের বিধায়কের গাড়ি আটকে তাঁর চালককে গালিগালাজ করার অভিযোগ উঠল বিজেপি কাউন্সিলর, তাঁর স্বামী ও মেয়ের বিরুদ্ধে। রবিবার রাতে এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
রবিবার টাকির ইছামতি নদীর ভাসান ছিল। সেখানেই গিয়েছিলেন বসিরহাট দক্ষিণের চিকিৎসক বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। বিসর্জন কর্মসূচি সেরে রাত এগারোটার সময় গাড়ি করে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, তখন মাঝরাস্তায় দাঁড়িয়েছিলেন টাকির পুরসভা ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উমা মণ্ডল, তাঁর স্বামী অরবিন্দ ও মেয়ে সহ বিজেপি মহিলা কর্মী সমর্থকরা। ফলে ওই রাস্তা দিয়ে আসার সময়ে বিধায়কের গাড়ি আটকে যায়। তাঁদের সরে যেতে বললে, বিধায়কের গাড়ি চালকের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের বচসা শুরু হয়। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তখন বিজেপি কাউন্সিলর উমা মণ্ডল ও তাঁর স্বামী অরবিন্দু গালিগালাজ করতে থাকেন। এমনকী উমা মণ্ডলের মেয়ে বিধায়কের গাড়ির বনেটের উপর চড়ে বসেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে।
এবিষয়ে বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলার সংস্কৃতি, কৃষ্টি, সম্প্রীতি বিষয়ে কিছুই জানে না বিজেপি। কেন বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, তা আজ প্রমাণিত। সরকারি প্রতিনিধির গাড়ির বনেটের উপর বসে পড়ে যেভাবে হেনস্থা করা হয়েছে, হাসনাবাদ থানায় তার লিখিত অভিযোগ জানাব।"
বিজেপি কাউন্সিলের স্বামী অরবিন্দ মণ্ডল বলেন, " হাসনাবাদে বিজয়া সেরে যখন আমরা আসছিলাম, সেই সময় বিধায়ক চালকের সঙ্গে কথা কাটাকাটি হয়। কিন্তু প্রথমদিকে ভিডিও হয়নি। শেষের দিকে ভিডিওগুলো উঠেছে। গত কালকেই মিটে গেছে। সেই রকম কিছু হয়নি। কে ভিডিও ভাইরাল করেছে। আমার জানা নেই। কাউন্সিলরের ঠাণ্ডা লেগে গলা বসে গেছে। কথা বলতে পারছেন না।"