
শেষ আপডেট: 16 July 2024 19:01
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সোশ্যাল মিডিয়ায় জমির বিজ্ঞাপন দিয়ে ৭ লাখ টাকার জালিয়াতি। এই ঘটনায় মূল পান্ডা সমেত চারজনকে গ্রেফতার করল অশোকনগর থানার পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তদের কাছ থেকে প্রতারণার তিন লক্ষ টাকা উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অলোক বন্দ্যোপাধ্য়ায় নামে হালিশহরের এক বাসিন্দা চলতি মাসের ৭ তারিখ অশোকনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে জানান, সোশ্যাল মিডিয়ায় জমির বিজ্ঞাপন দেখেছিলেন। সেখানে দেওয়া মোবাইল নম্বরে ফোন করে বিজ্ঞাপনদাতাদের সঙ্গে যোগাযোগ হয় তাঁর।
অলোকবাবুকে, তারা ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে বিভিন্ন জমি দেখায়। অলোকের সেগুলির মধ্যে একটি জমি পছন্দ হয়। গত ৭ জুলাই আওয়াল সিদ্ধি মোড়ে তাঁকে অ্যাডভান্সের টাকা দেওয়ার জন্য ডেকে পাঠানোর হয়। সময়মতো ৭ লক্ষ টাকা নিয়ে সেখানে পৌঁছে যান অলোক। অভিযোগ, প্রথমে তাঁকে একটি স্করপিও গাড়িতে উঠতে বলে বিজ্ঞাপনদাতারা। পরে ৭ লক্ষ টাকা কেড়ে নিয়ে অলোকবাবুকে মারধর করে গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। এরপরেই অলোকবাবু অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে এই প্রতারণা চক্রের খোঁজে তল্লাশিতে নামে পুলিশ। চক্রের মূল পান্ডা ফারুক হোসেন সহ তার তিন শাগরেত দেবব্রত দাস, ইব্রাহীম মন্ডল, জুলফিকার মন্ডলকে গ্রেফতার করে। জানা গিয়েছে, ফারুক হাবড়া থানা এলাকার নারায়ণ কাঠির বাসিন্দা।
তাদের বারাসাত আদালতে তোলা হলে বিচারক দুজনকে ৩ দিনের ও বাকি দুজনকে ৪ দিনের পুলিশ হেফাজত নেওয়ার নির্দেশ দেয় বিচারক। অভিযুক্তদের কাছ থেকে লুঠের ৭ লক্ষ টাকার মধ্যে ৩ লক্ষ ১০ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।