
শেষ আপডেট: 3 January 2023 05:38
দ্য ওয়াল ব্যুরো: ঘন কুয়াশার (fog) চাদরে ঢেকে গেছে দিল্লি সহ উত্তর ভারতের একাধিক এলাকা। দৃশ্যমানতা কমে যাওয়ায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার অন্তত ১২টি উড়ান দেরিতে ছাড়ছে বলে জানানো হয়েছে (12 Flights Delayed in Delhi)। বিমান বাতিল হয়েছে পাটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরেও।
বুধবার পর্যন্ত উত্তরপ্রদেশের মির্জাপুর, গাজিপুর, বারাণসী, অযোধ্যা, আজমগড়, বরেলি, সম্ভাল, ঝাঁসি সহ ৩৬টি জেলায় তীব্র ঠান্ডা (cold day alert) এবং ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী, এই জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকেও ৪.৫ ডিগ্রি সেলসিয়াস নীচে নেমে যেতে পারে।
পাঞ্জাবেরও একাধিক জেলায় কুয়াশার দাপটে দৃশ্যমানতা শূন্যের নীচে নেমে গেছে। হোসিয়ারপুর, পাতিয়ালা এবং গুরুদাসপুর জেলায় সোমবার সারাদিন সূর্যের দেখা পাওয়া যায়নি বলে জানা গেছে। সপ্তাহের বাকি দিনগুলিতে তীব্র ঠান্ডা এবং শুষ্ক আবহাওয়া জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বিহারের পাটনায় আগামী ৭ জানুয়ারি পর্যন্ত স্কুলগুলিতে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ছুটি ঘোষণা করেছে প্রশাসন। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় রবিবার পাটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি উড়ান বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি উড়ান ছাড়তেও দেরি হয়েছে বলে জানা গেছে।
পাঞ্জাবেও সরকারি, সরকরি সাহায্যপ্রাপ্য এবং বেসরকারি স্কুলগুলিতে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছে (Schools Shut)।
আইএমডির পক্ষ থেকে আগামী ৫ দিন দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, হিমাচলপ্রদেশ এবং চণ্ডীগড়ে শৈত্যপ্রবাহ এবং কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
ওড়িশার গজপতি, গঞ্জাম, ময়ূরভঞ্জ সহ কয়েকটি জেলায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কালাহান্ডি, কটক, সোনেপুর সহ কয়েকটি জেলায় ধোয়াঁশার সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতায় কনকনিয়ে ঠান্ডা পড়বে, পারদ নামবে হু হু করে, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি