
শেষ আপডেট: 29 December 2023 13:29
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট হারের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও অনেকটা পিছিয়ে পড়ল ভারত। প্রোটিয়াদের আগুনে বোলিং আক্রমণে দুটো ইনিংসেই রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে টিম ইন্ডিয়া। রোহিতদের হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে বাভুমা ব্রিগেড। অন্যদিকে প্রথম টেস্ট হেরে ছয় নম্বরে নেমে গিয়েছেন কোহলিরা।
পাকিস্তান উঠে এসেছে দ্বিতীয় স্থানে। আবার নিউজিল্যান্ডকে হারিয়ে চমক দিয়েছে বাংলাদেশ। তাঁরা রয়েছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ভারত ম্যাচ হেরে পাকিস্তান-বাংলাদেশেরও নীচে নেমে গিয়েছে। পয়েন্ট তালিকায় এতটা নীচে নেমে যাওয়ার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে বেশ সমস্যায় পড়তে পারে ভারত। এখন তাঁদের ভবিষ্যৎ নির্ভর করছে অন্য টেস্ট সিরিজগুলির উপর।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জেতার পর টেস্টেও ভারতকে এগিয়ে রেখেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু ব্যাটিং বিপর্যয়ের কারণে প্রোটিয়া পেসারদের সামনে কার্যত আত্মসমর্পণ করতে হয়েছে রোহিত-গিলদের। ইনিংস ও ৩২ রানে হেরে ২০২৩ বছরটা শেষ করেছে ভারত। তবে প্রোটিয়াদের বিরুদ্ধে লজ্জাজনকভাবে টেস্ট ম্যাচ হারলেও ইতিহাস গড়েছেন বিরাট কোহলি।
ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসাবে তিনিই এই নিয়ে সাতটি বছর ২০০০ রানের গণ্ডি পেরিয়েছেন। চলতি বছরে তাঁর মোট রান ২০০৬। এর আগে ২০১২, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯—প্রত্যেক বছরেই কোহলি দু’হাজারের বেশি রান করেছিলেন। এবছরেও দুরন্ত পারফরম্যান্স করে চমক দিয়েছেন তিনি। এই টেস্টের দ্বিতীয় ইনিংসে গোটা দল ব্যর্থ হলেও বিরাট ৭৬ রান করেছেন।