
শেষ আপডেট: 31 October 2023 18:15
দ্য ওয়াল ব্যুরো: চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে একটা ম্যাচও হারেনি ভারত। ছয়ে ছয়। ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমে এখন ফুরফুরে মেজাজ। ভারতীয় ফ্যানেরাও খুশিতে ডগমগ। বেশিরভাগই ধরেই নিয়েছেন, শেষ চারে পৌঁছে গেছেন রোহিত শর্মারা। চিন্তা নেই আর। কিন্তু না, গ্রুপ পর্ব থেকে এখনও ছিটকে যাওয়ার সম্ভাবনা আছে ভারতের!
কী বিশ্বাস হল না, কিন্তু পয়েন্ট টেবিলের জটিল অঙ্ক সেটাই বলছে। ভারত এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানকে হারিয়েছে। গ্রুপ পর্বে আরও তিনটি ম্যাচ খেলবে তারা। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস, এই তিন দলের বিরুদ্ধে খেলা বাকি রোহিতদের। এমন পর্যায়ে ভারত কি ছিটকে যাবে?
পয়েন্ট টেবিলের মগডালে রয়েছে এখন ভারত। তাদের পয়েন্ট ১২। নেট রানরেট +১.৪০৫। ভারতের এই পয়েন্ট ছোঁয়া বা টপকে যাওয়ার সুযোগ আছে এখনও দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের। পাকিস্তান, বাংলাদেশ বা নেদারল্যান্ডসের সেই সম্ভাবনা নেই।
ভারত যদি বাকি তিন ম্যাচ হারে তবেই তাদের সেমিফাইনালে যেতে পড়তে হবে কঠিন অঙ্কের গেরোয়। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তাদের বাকি তিন ম্যাচের মধ্যে দুটো জিতলেই পৌঁছে যাবে ১২ পয়েন্টে। আর দক্ষিণ আফ্রিকা একটা জিতলেই ১২ পয়েন্ট ছুঁয়ে ফেলবে।
এক্ষেত্রে দেখা যাবে, ভারত সহ আরও চারটি দল থাকবে ১২ ও তার বেশি পয়েন্টে। সেক্ষেত্রে কারা শেষ চারে যাবে, তা ঠিক হবে নেট রানরাটের বিচারে। ভারত ১২ পয়েন্টে থাকলেও দক্ষিণ আফ্রিকার থেকে নেট রানরেটে বেশি। ভারত যদি বাকি তিন ম্যাচ খুব বাজেভাবে হারে তবে নেট রানরেটে প্রভাব পড়বে।
ভারত যদি আর একটা ম্যাচ জেতে, তবে আর এই কঠিন অঙ্কের মধ্যে পড়তে হবে না। সোজা চলে যাবে সেমিফাইনালে। ২ নভেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই সুযোগ রয়েছে রোহিতদের। শ্রীলঙ্কাকে হারাতে পারলেই ভারত পৌঁছে যাবে শেষ চারে।